২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানি কায়দায় আক্রমণ দুর্ভাগ্যজনক: সুরঞ্জিত

আমিনীর মন্তব্য নিয়ে শুনানির সময় হাইকোর্টে আইনজীবীদের আচরণকে 'তালেবানি কায়দা' অভিহিত করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এ আক্রমণ দুর্ভাগ্যজনক ও লজ্জাষ্কর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনীর মন্তব্য নিয়ে শুনানির সময় হাইকোর্টে আইনজীবীদের আচরণকে 'তালেবানি কায়দা' অভিহিত করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এ আক্রমণ দুর্ভাগ্যজনক ও লজ্জাষ্কর। বুধবার সুরঞ্জিত সাংবাদিকদের বলেন, "উচ্চ আদালতে তালেবানি কায়দায় বিচারকদের আক্রমণ করা দুর্ভাগ্যজনক, লজ্জাষ্কর। এ ধরনের ঘটনা আইনজীবীদের দায়িত্বশীলতা ও স্বাধীন বিচার ব্যবস্থার প্রতিফলন নয়। "আদালতে বিচারকের প্রতি আইনজীবীদের আক্রমাণত্মক আচরণে একজন আইনজীবী হিসেবে আমি নিজেও লজ্জিত ও বিব্রত বোধ করছি।" সংসদ ভবনের প্রচার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত। সংবিধান 'ডাস্টবিনে' ছুড়ে ফেলার বক্তব্যের ব্যাখ্যা দিতে মঙ্গলবার সকালে হাইকোর্টে হাজির হন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনী। সংবিধান ছুড়ে ফেলা নিয়ে আমিনীর মামলার শুনানিতে একই বিষয়ে খালেদা জিয়ার বক্তব্যের কথা আদালতের বক্তব্যে এলে হট্টগোল ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে সরকার ও বিরোধী দল সমর্থক আইনজীবীরা। এসময় বিচারকের দিকে প্রিন্টারের ট্রে ছুড়ে মারা হয়। ওইদিনের 'হাতাহাতি, বিশৃঙ্খলা ও অমার্যাদাকর আচরণের' ঘটনার প্রেক্ষিতে বুধবার ১৩ আইনজীবীকে কাজ থেকে বিরত থাকতে বলেছে হাইকোর্ট। মঙ্গলবারের ঘটনাকে অনভিপ্রেত উল্লেখ করে ব্রিফিংয়ে সুরঞ্জিত বলেন, "এটি নিন্দনীয় ঘটনা। প্রিন্টারের ট্রে ও বোতল ছোড়া লজ্জাষ্কর।" "আদালতের ভেতরে আক্রমণের ঘটনা জনগণ প্রশংসা করবে না।" আদালত একটি বিচারিক জায়গা- এ কথা উল্লেখ করে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত বলেন, "সেখানে তালেবানি স্টাইলে আক্রমণ করা হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। এ ধরনের ঘটনা থেকে বিরত থাকতে হবে আমাদের।" "কোনো বিচারকের রায় মনোপুত না হলে আপিল করার সুযোগ আছে। সুপ্রিম কোর্টে যেতে পারে তারা।" বিচারকের এজলাসে সিসিটিভি দেওয়ার পক্ষে মত দেন সুরঞ্জিত। সংবিধান নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্তব প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। কেউ যদি সংবিধান না মানে তা রক্ষার দায়িত্ব উচ্চ আদালতকে দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ করে গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস করা হয়। বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট শুরু থেকেই এ সংশোধনীর বিপক্ষে। গত ১৩ জুলাই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, তার দল ক্ষমতায় গেলে পঞ্চদশ সংশোধনী ছুড়ে ফেলা হবে। এর পরদিন জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনী এক আলোচনা সভায় বলেন, সংশোধিত সংবিধান শুধু ছুড়ে ফেললে হবে না, একে ডাস্টবিনে ফেলে দিতে হবে। অবশ্য আমিনী পরে বলেন, তিনি ওই বক্তব্য দিয়েছেন 'রূপক' অর্থে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯২৯ ঘ.