মাদারীপুর, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
এ সময় কলেজ ক্যাম্পাসে ৪টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে শিক্ষার্থীরা জানান।
কালকিনি থানার ওসি একেএম শাহিন মণ্ডল বলেন, সোমবার দুপুর ১২টার দিকে ক্লাস চলাকালে পৌর এলাকার রাজদী ও ঠেঙ্গামারা গ্রামের ছাত্রলীগ কর্মীদের মধ্যে কাটাকাটি থেকে সংঘর্ষ বাঁধে।
এতে কাওছার হোসেন নান্না (২২), রাজন (১৮), কাওছার (১৮), সাজ্জাদ (১৯) ও সুজন (২০) নামের পাঁচজন আহত হয় বলে জানান তিনি।
আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৮৫৩ ঘ.
bdnews24