ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোটকে কার্যকর করা এবং সমমনা বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর অংশ হিসেবে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারির সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পদক জাহাঙ্গীর কবির নানক বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমণ্ডিতে নজিবুল বশরের বাসায় যান।
বৈঠকের পর তরিকত ফেডারেশনের প্রধান সাংবাদিকদের বলেন, ওবায়দুল কাদের ও নানকর সঙ্গে এই বৈঠক ছিল 'অনানুষ্ঠানিক'। আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের জন্য আমন্ত্রণ জানাতে এসেছিলেন তারা।
আওয়ামী লীগের দুই নেতার সঙ্গে দেশের সামাজিক, রাজনৈতিকসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং তরিকত ফেডারেশন তাদের অবস্থান তুলে ধরেছে বলে নজিবুল বশর জানান।
তিনি বলেন, "কিছু কিছু বিষয়ে আমরা একমত, আবার কিছু কিছু বিষয়ে আমাদের মধ্যে দ্বিমত রয়েছে। আমরা চাই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক এবং যুদ্ধাপরাধীদের বিচার হোক।"
তরিকত ফেডারেশনের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প একটি রূপরেখা ওবায়দুল কাদেরকে দিয়েছেন বলেও নজিবুল বশর জানান।
এর আগে বিকেলে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে তার সঙ্গেও প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক করেন আওয়ামী লীগের এই দুই নেতা।
বৈঠকের পর কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, "উনারা এসেছেন, আমি খুবই গৌরব বোধ করছি। উনারা আমার ভগ্নি মাননীয় প্রধানমন্ত্রীর দাওয়াত নিয়ে এসেছেন। আমি আনন্দের সেঙ্গ সেই দাওয়াত গ্রহণ করেছি।"
বিএনপি জোটগত শক্তি বাড়ানোর উদ্যোগ নেওয়ার পর গত বুধবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকেও মহাজোটকে কার্যকর করা ও সমমনাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে আলোচনা হয়।
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ওই বৈঠকের পরদিনই কাদের সিদ্দিকী ও নজিবুল বশর মাইজভাণ্ডারির সঙ্গে বৈঠক করলেন দলটির নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২৩৪৪ ঘ.
bdnews24