২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সঙ্গে থাকতে রাজি এলডিপি

এলডিপির সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের এক সময়ের শরিক এ দলটিকে সরকারবিরোধী আন্দোলনে নিজেদের পাশে পাওয়া নিশ্চিত করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 06:05 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলডিপির সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের এক সময়ের শরিক এ দলটিকে সরকারবিরোধী আন্দোলনে নিজেদের পাশে পাওয়া নিশ্চিত করেছে বিএনপি। বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির চেয়ারম্যান অলি আহমদ সাংবাদিকদের বলেন, "বৃহত্তর ঐক্য গড়তে আমরা একমত হয়েছি। আমরা ঐক্যবদ্ধ হলে জাতীয়তাবাদী শক্তি শক্তিশালী হবে।" বর্তমান সরকারের বিরুদ্ধে এক দফা আন্দোলনের কথা জানিয়ে তিনি বলেন, "আমরা পরে এক দফায় যাবো।" ফখরুল বলেন, "আমরা আশা করছি, সব দেশপ্রেমিক শক্তি নিয়ে একটি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে পারবো। এ লক্ষ্যে এলডিপির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এজন্য দুই পক্ষ কমিটিও গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।" সরকারবিরোধী আন্দোলনে আরো দলকে সম্পৃক্ত করার লক্ষ্যে বিকল্পধারা ও কৃষক-শ্রমিক জনতা লীগের পর বুধবার অলি আহমদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি নেতারা। ফখরুলের সঙ্গে ছিলেন দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা। খালেদা সরকারের এক সময়ের মন্ত্রী অলি বলেন, "পঞ্চদশ সংশোধনী বাতিল, প্রতিহিংসার রাজনীতি ও দমননীতি বন্ধ, মানুষের মৌলিক সমস্যার সমাধান ও জঙ্গিবাদ দমনে এক সঙ্গে কাজ করতে আমরা দুই দল একমত হয়েছি।" "এটা অনেকে ভালো চোখে দেখবে না। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে", যোগ করেন এক সময়ের এ বিএনপি নেতা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার সংবিধানকে 'বায়োডাটায়' পরিণত করেছে মন্তব্য করে অলি বলেন, "সংবিধানের এমন কিছু অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে, যেগুলো কখনোই সংশোধন করা যাবে না। এটা আমরা মেনে নিতে পারি না।'' হরতালের সময়ে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলাকে সব সংসদ সদস্যের ওপর হামলা অভিহিত করে তারও নিন্দা জানান এলডিপি চেয়ারম্যান। পুরনো দল বিএনপি সম্পর্কে অলি বলেন, "এক সময় আমি এ দলে ছিলাম। সেজন্য দলটি সম্পর্কে আমি ভালোভাবে জানি। খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে একসঙ্গে কাজ করার উদ্যোগ নিয়ে বড় মনের পরিচয় দিয়েছেন। তার এ উদ্যোগ প্রশংসনীয়।" ফখরুল বলেন, সরকারের 'অগণতান্ত্রিক' শাসনের বিরুদ্ধে একটি বৃহৎ ঐক্য গড়ে তোলার প্রক্রিয়া চালাচ্ছে তার দল। অলি আহমদের মহাখালীর বাড়িতে দেড় ঘণ্টার এ বৈঠকে এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, মামদুদুর রহমান চৌধুরী, সৈয়দ দিদার বখত, আরিফ মাইনুদ্দীন ও যুগ্ম মহাসচিব সাহাদাৎ হোসেন সেলিমও ছিলেন। এক সময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে থাকলেও এখন বিএনপির দিকে ঝুঁকছে এক সময়ের বিএনপি নেতা অলি আহমদের এলডিপি। গত ১৩ জুলাই এলডিপির একটি প্রতিনিধি দল বিএনপির গণঅনশন কর্মসূচিতেও সংহতি জানিয়েছিলো। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়ার একদিন আগে ২০০৬ সালের ২৬ অক্টোবরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অলির নেতৃত্বে একটি ১৩ জন সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করে এলডিপি গঠন করেন। গত নির্বাচনের আগে মহাজোটে যোগ দেয় এলডিপি। তবে নির্বাচন আলাদাভাবেই করে। নির্বাচনে অলি চট্টগ্রাম-১৩ ও চট্টগ্রাম-১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। চট্টগ্রাম-১৩ আসনে বিজয়ী হলেও চট্টগ্রাম-১৪ আসনে পরাজিত হন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৫৫ ঘ.

এ সম্পর্কিত আরো খবর