ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও আগামী শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। তাদের মূল দাবি সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল।
মঙ্গলবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম কর্মসূচি ঘোষণা করেন। এর আগে আলাদা সংবাদ সম্মেলনে সেদিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
আজহার বলেন, "সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস উঠিয়ে দিয়ে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা পুনঃস্থাপন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে সরকার দেশে রাজনৈতিক অস্থিরতা এবং নৈরাজ্য সৃষ্টি করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।"
জামায়াতের অন্য দাবির মধ্যে রয়েছে- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলাকারী পুলিশের শাস্তি এবং যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দলের শীর্ষ নেতাদের মুক্তি।
বর্তমান সরকার জনগণের আস্থা হারিয়েছে দাবি করে আজহার বলেন, সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।
১০ ও ১১ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ১১টি সমমনা দলের হরতাল কর্মসূচিতে আলেম-উলামাদের ওপর লাঠিপেটা ও গ্রেপ্তার করে সরকার কার্যত ইসলামের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে বলে দাবি করেন জামায়াত নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/এমআই/১৩৩৩ ঘ.
bdnews24