চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারেকে এক লাখ টাকার চেক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে তিনি আবু তোরাব উচ্চ বিদ্যালয় মাঠে এক শোক সমাবেশে তাদের হাতে এই চেক হস্তান্তর করেন। এ সময় তিনি আহতদের জন্য দেন ৫০ হাজার টাকার চেক।
তিনি নিহত স্কুলছাত্রদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
সোমবার দুপুরে খেলা দেখে বাড়ি ফেরার পথে মিরসরাই উপজেলার মায়ানি ইউনিয়নের সৈদালী গ্রামে শিক্ষার্থীদের বহনকারী ট্রাক ডোবায় পড়ে গেলে এলাকার ৩৭ স্কুল ছাত্রসহ মোট ৩৯ জন নিহত হয়।
এদের মধ্যে আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীই ২৮ জন (এরমধ্যে একজন অষ্টম শ্রেণীর সাবেক ছাত্র), আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন, এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন, আবু তোরাব ফাজিল মাদ্রাসার ২ জন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ২ জন শিক্ষার্থী এবং ছাত্র নন- এমন আরো দুইজন রয়েছে। দুর্ঘটনায় আহত হয় ১২ জন।
আবু তোরাব বিদ্যালয়ে শোক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, স্বজন হারানোর এরকম কষ্ট যেন আর কোন পিতামাতা ও ভাইবোনকে সইতে না হয়।
তিনি বলেন, আমি স্বজনদের হারিয়েছি। আপনাদের কষ্ট বেদনা অনুভব করতে পারি। আল্লাহ কাউকে যেন এমন শোক না দেন।
তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সন্তান হারানো অভিভাবকরা যেন এ শোক সইবার শক্তি পান তার জন্য দোয়া করতে সকলের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী সকাল পৌণে ১১ টায় আবু তোরাব উচ্চ বিদ্যালয়ে পৌঁছান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১১৫৫ ঘ.
bdnews24