২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জনগণের চাওয়া বুঝতে পারায় খালেদাকে ধন্যবাদ'

হরতাল নয়, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল নয়, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের কার্যালয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "দেশে আর কোনো সংঘাতের রাজনীতি আমরাও চাই না। আলোচনা ও সমঝোতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। এ রাজনীতিই আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের প্রত্যাশা।" এর আগে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জন এফ ডানিলোউইজের সঙ্গে বৈঠক করেন হাছান মাহমুদ। বুধবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনের সামনে বিএনপির গণ-অনশন কর্মসূচির সমাপনী বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, "আর জ্বালাও-পোড়াও ও ভাঙচুর-ধ্বংসের রাজনীতি নয়, হরতাল নয়, মানুষকে নিয়ে মধ্যপ্রাচ্যের মতো শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে।" প্রতিমন্ত্রী হাছান মাহমুদ মনে করেন, হরতাল, ভাংচুর, নৈরাজ্য জনগণ চায় না- এ উপলব্ধি থেকেই গণ-অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। "জনগণের চাওয়া বুঝতে পেরেছেন বলে তাদের ধন্যবাদ," যোগ করেন তিনি। তবে সড়কে গণ-অনশন কর্মসূচি পালনের সমালোচনা করে আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভিতরে অনেক জায়গা থাকলেও তারা রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করেছে। এতে পুরো রাজধানী জুড়ে যানজটের সৃষ্টি হয়। নগরবাসী চরম দুর্ভোগে পড়ে। জনগণের জন্য এ ধরনের দুর্ভোগ সৃষ্টি কারোরই কাম্য নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/জেকে/২২১৪ ঘ.