২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মধ্য আয়ের দেশ করতে কাজ করে যাচ্ছে সরকার'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের জনগণ কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। সাইপ্রাসের অনাবাসিক রাষ্ট্রদূত মিস নাফসিকা শর ক্রৌস্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় শেখ হাসিনা এ কথা বলেন। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বৈঠক বিষয়ে জানান। বৈঠকে দু'দেশের ব্যবসা-বাণিজ্যসহ স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সাক্ষাতকালে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। এই স্বাধীন নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী আরো বলেছেন, তার সরকার স্বাধীন নির্বাচন কমিশনের কোনো কর্মকাণ্ডে হস্তক্ষেপ করেনি এবং কখনো করবেও না। মুম্বাইয়ে বুধবার বোমা হামলার বিষয়ে তার গভীর উদ্বেগের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, সন্ত্রাসবাদ এখন একটি আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে। "বাংলাদেশ যে কোনো ধরণের সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ডবিরোধী। বাংলাদেশের ভূমিকে এ ধরণের কোনো কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হবে না।" সাইপ্রাসের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ নেতৃত্বের প্রশংসা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৭৫৯ ঘ.