২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বক্তব্য অশালীন, অপ্রত্যাশিত: হাসিনা

প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধীদলীয় নেতা দেশের পবিত্র সংবিধান ছুড়ে ফেলে দেবেন বলে যে অশালীন বক্তব্য রেখেছেন জাতি তা প্রত্যাশা করে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধীদলীয় নেতা দেশের পবিত্র সংবিধান ছুড়ে ফেলে দেবেন বলে যে অশালীন বক্তব্য রেখেছেন জাতি তা প্রত্যাশা করে না। ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিবি) নবনির্বাচিত কর্মকর্তারা বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাত করতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, "বিরোধীদলীয় নেতার স্বামী অবৈধভাবে ক্ষমতা দখল করে সঙ্গীনের খোঁচায় সংবিধান ক্ষতবিক্ষত করেছিলেন। তাই তার স্ত্রী হয়ে খালেদা জিয়া সংবিধান সম্পর্কে এ ধরনের বক্তব্য রাখবেন সেটাই স্বাভাবিক।" বুধবার রাজধানীতে সংসদে প্রধান বিরোধী দল বিএনপির আট ঘণ্টার গণঅনশন কর্মসূচিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, সরকার পরিবর্তনের পর সংবিধানের সংশোধনী ছুঁড়ে ফেলে দেওয়া হবে। গত ৩০ জুন সংবিধানে পঞ্চদশ সংশোধনী সংসদে পাস হয়। এর মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর আগে সুপ্রিম কোর্ট এক রায়ে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে। বিএনপি শুরু থেকেই সংবিধান সংশোধনীর বিরোধিতা করে আসছিলো। যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ, গ্রেনেড হামলাকারী ও অর্থ পাচারকারীদের বিচারের প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়টি উল্লেখ করে সরকারপ্রধান বলেন, "এদের রক্ষা করার জন্যেই বিএনপি-জামায়াত জোট অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।" ৭১-এ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ সাত নেতা কারাগারে আটক রয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার পর যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "স্বাধীনতার পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছিল। অনেকের নাগরিকত্ব বাতিল এবং অনেককে বন্দি করা হয়েছিল। কিন্তু, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে সামরিক আদেশ বলে এসব যুদ্ধাপরাধীকে মুক্তি দেন এবং রাজনীতিতে পুনর্বাসিত করেন। এদের কেউ কেউ মন্ত্রী এবং সংসদ সদস্য হওয়ার সুযোগও পায়।" জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে জাতির পিতার হত্যাকারীদের বিচারের ব্যবস্থা না করে তাদের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে চাকরি দেওয়ার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "তার স্ত্রী খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনে বঙ্গবন্ধুর খুনী কর্নেল রশিদকে বিরোধী দলের নেতা ও আরেক খুনী হুদাকে সংসদ সদস্য করেছিলেন।" "বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক আদেশ দিয়ে সংবিধান থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ মুছে ফেলা হয়েছিল। চালু করা হয়েছিল হত্যা ও ক্যুর মাধ্যমে ক্ষমতা দখলের রাজনীতি।" প্রধানমন্ত্রী বলেন, মহাজোট সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে স্বাধীনতার মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করে সংবিধানকে কলুষমুক্ত করেছে। বিগত নির্বাচনে জনগণ মহাজোটকে বিপুলভাবে বিজয়ী করেছিল বলেই সংবিধানকে কলুষমুক্ত করা সম্ভব হয়েছে। এ জন্যে প্রধানমন্ত্রী দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং আইডিবি'র সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৭৩৯ ঘ.

এ সম্পর্কিত আরো খবর