ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দেশ মেনে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে হাইকোর্টে নেওয়ার ব্যবস্থা করেছে পুলিশ। পুলিশের মামলায় এ বিএনপি নেতার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ফারুককে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়। ফারুক গেছেন ইউনাইটেড হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে।
পুলিশ ফারুককে হাসপাতাল থেকে বের হতে বাধা দিচ্ছে- আদালতে আইনজীবীরা এ কথা জানালে সোমবার হাইকোর্ট তাকে আদালতে আনতে ঢাকার পুলিশ কমিশনারকে নির্দেশ দেয়।
হরতালে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের করা মামলায় ফারুক জামিন চাইতে হাইকোর্টে আসতে চেয়েছিলেন। ফারুক অনুপস্থিত থাকায় সোমবার জামিন আবেদনের শুনানি হয়নি।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের বেঞ্চে মঙ্গলবার শুনানি হবে।
গত ৬ জুলাই হরতালের দিন সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিএনপির প্রচার সম্পাদক ফারুক। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সেদিনই শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক নাজমুল করিম এই মামলা দায়ের করেন।
সোমবার ওই মামলায় ফারুকের পক্ষে জামিনের আবেদন করেন মাহবুব উদ্দিন খোকন। ফারুকের পাশাপাশি একই মামলার আসামি বিএনপির সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াও জামিন চেয়ে আবেদন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১০৩০ ঘ.
bdnews24