ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মিত্র বলে পরিচিতি ১১টি রাজনৈতিক দলের ডাকা ৩০ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সংশোধিত সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' শব্দবন্ধ বাদ দেওয়ার প্রতিবাদে বিএনপির মিত্র বলে পরিচিত ১১টি দল এক জোট হয়ে ৩০ ঘণ্টা এবং আলাদাভাবে রোববার পূর্ণদিবস হরতাল ডাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে সমর্থন দেয় বিএনপি ও জামায়াতে ইসলামী।
ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আটক ২৮ জনকে সর্বনিু সাত দিন থেকে সর্বোচ্চ এক মাসের সাজা দেওয়া হয়েছে।
এদের মধ্যে মিরপুর থেকে ১৫ জন, ওয়ারি থেকে ১১ জন এবং লালবাগ থেকে দুই জনকে আটক করা হয়।
আইন-শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে ১০টি মোবাইল কোর্ট আগামী মঙ্গলবার পর্যন্ত কাজ করবে বলে জানান মাহবুবুর।
গত ৬ ও ৭ জুলাই বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার হরতালে ঢাকায় ২১ জনকে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।
১২ ও ১৩ জুন বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩৬ ঘণ্টার হরতালকে ঘিরে সারা দেশে শতাধিক ব্যক্তিকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। হরতালের আগে বা হরতালের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডের ঘটনা সেটিই প্রথম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসআই/এএল/২০০৭ ঘ.
bdnews24