২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহরতলীতে পুলিশের সংখ্যা বাড়াতে বললেন সাহারা

হরতালে জেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ সদস্যের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে জেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ সদস্যের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। রোববার ফতুল্লায় হরতাল সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমানকে স্কয়ার হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ নির্দেশ দেন। সংশোধিত সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' উঠিয়ে দেওয়ার প্রতিবাদে ৩০ ঘণ্টার এ হরতাল ডেকেছে বিএনপির মিত্র বলে পরিচিত ১১টি দল। বিএনপি ও জামায়াতে ইসলামী ১১ দলের হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে। সাইদুর রহমানকে দেখার পর পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান, হরতাল সমর্থকরা শহরতলীতে গিয়ে বিক্ষোভ করছে। এসব এলাকায় পুলিশ সদস্য সংখ্যা কম থাকায় পুলিশ সদস্যরা মার খাচ্ছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে শহরতলীতে পুলিশ সদস্য সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন। সাহারা বলেন, "আগে আমরাও হরতাল করেছি, তখন পুলিশ আমাদের মারতো। কিন্তু এখন হরতালকারীরা বড় বড় লাঠি নিয়ে পুলিশের ওপর আক্রমণ করছে।" ফতুল্লার ঘটনায় পুলিশের ধৈর্যের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের সঙ্গে সাদা পোশাকে হরতাল প্রতিরোধে অনেককেই দেখা গেছে- এদের সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তারা হরতাল দেয়নি। এজন্য সাধারণ মানুষ হরতাল প্রতিরোধ করেছে। বিডিনিউজ টেেেয়ন্টিফোর ডটকম/কেটি/এএল/১৯০০ ঘ.