ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত ১১টি দল বলেছে, সংবিধান সংশোধন করে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' তুলে দেওয়ার ক্ষেত্রে সরকারের ভেতরে একটি 'অপশক্তি' কাজ করেছে।
রোববার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১১ দলের পক্ষে এ অভিযোগ করে দলের নায়েবে আমির আব্দুর রব ইফসুফী।
তিনি বলেন, "সরকার সংবিধান থেকে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' তুলে দিয়ে ঈমান-আকিদা পরিপন্থী কাজ করেছে। এক্ষেত্রে সরকারের ভেতরে একটি অপশক্তি কাজ করেছে বলে মনে করি।"
সংশোধিত সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি না রাখার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে হরতাল পালন করছে সমমনা ১১ দল।
এ হরতালে সমর্থন দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
দেশবাসী তাদের হরতালে সমর্থন দিয়েছে দাবি করে আব্দুর রব বলেন, "রোববার শান্তিপূর্ণভাবে হরতাল পালন হয়েছে। আশাকরি সোমবার দুপুর পর্যন্ত দেশবাসী ঈমান রক্ষার জন্য ত্যাগ স্বীকার করে কর্মসূচি পালন অব্যাহত রাখবে।"
হরতাল কর্মসূচি বানচাল করতে সরকার ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক নেতাকর্মীদের আটক করেছে বলে দাবি করেন তিনি।
হুমকি-ধামকি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, "আওয়ামী লীগের ক্যাডার বাহিনী ও পুলিশ যৌথভাবে বিভিন্নস্থানে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।"
অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি ও হামলাকারীদের বিচারের দাবি জানান তিনি।
হরতাল আহ্বানকারী সমমনা ১১টি দল হল- বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ- ভাসানী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ইসলামিক পার্টি এবং নেজামে ইসলাম পার্টি।
একই দাবিতে রোববার দেশব্যাপি সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৮৪৯ ঘ.
bdnews24