কিশোরগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
শনিবার সকাল থেকেই শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়।
দুপুর বেলা ১২টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ওই সময় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সামান্য ধস্তাধস্তি ও বাগবিতণ্ডাও হয়। তবে মিছিল হয়নি।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জানমালের নিরাপত্তা রক্ষায় মিছিলে বাধা দেওয়া হয়েছে।
গত বুধবার হরতালের সময় জাতীয় সংসদ ভবনের সামনে পুলিশের লাঠিপেটায় আহত হন ফারুক। তার ওপর হামলার প্রতিবাদে শনিবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ করছে বিরোধী দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৪৫০ ঘ.
bdnews24