ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল বিএনপির চিকিৎসাধীন প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে দেখতে গেছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।
শুক্রবার জুমার নামাজের আগে তিনি রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ফারুককে দেখতে যান।
হাসপাতালের চিকিৎসকরা ফারুকের শারীরিক অবস্থা সম্পর্কে খালেদা জিয়াকে অবহিত করেন।
ফারুকের স্ত্রী ও মেয়ের সঙ্গেও কথা বলেন খালেদা জিয়া।
বুধবার হরতালের সময় সংসদ ভবনের সামনে ন্যাম ফ্ল্যাটের কাছে পুলিশি হামলায় গুরুতর আহত হন ফারুক। ওইদিনই তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, মোজাহের আলী প্রধান এ সময় তার সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৫৫১ ঘ.
bdnews24