ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান আন্দোলনে নতুন কর্মসূচি ঘোষণা করতে শুক্রবার বিকালে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী।
রিজভী বলেন, বিকাল ৪টায় সংবাদ সম্মেলন হবে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
এদিকে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি শুক্রবার ভোর ৬টায় শেষ হয়েছে। গত বুধবার ভোর ৬টায় এই হরতাল শুরু হয়।
সংসদে পাস হওয়া পঞ্চদশ সংশোধনী বাতিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূনঃপ্রর্বতন, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা প্রভৃতির দাবিতে বিএনপি ও জামায়াতসহ শরিক দলগুলো এই হরতালের ডাক দেয়।
রহুল কবির রিজভী বলেন, ৪৮ ঘণ্টার হরতালে স্বত:স্ফূর্তভাবে দেশের মানুষ এই হরতাল পালন করেছে। পুলিশি নির্যাতনের শিকার হয়েছে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকসহ সাংসদরা। সারাদেশে দলের সাড়ে পাঁচ শ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে, মামলা দিয়েছে।
গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১১২১ ঘ.
bdnews24