চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে। এ সময় পুলিশ সেখান থেকে দুই পিকেটারকে আটক করেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বিএনপি দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এ হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ।
সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিএনপিসহ চার দল বুধবার সকাল থেকে ৪৮ ঘণ্টার এ হরতালের ডাক দেয়।
বিএনপি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা থেমে থেমে কার্যালয়ের সামনে সমাবেশ এবং শ্লোগান দেয়।
ওসি জানান, সমাবেশ চলার এক পর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে নাসিমন ভবনের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর ভবনের পাশের গলি থেকে আরো একটি হাতবোমা বিস্ফোরিত হয়।
"পুলিশকে লক্ষ্য করে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। হামলায় পুলিশ ও সাংবাদিকসহ অন্তত পাঁচজন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হরতালকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়", বলেন ওসি।
বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির সময় পুলিশের এক সদস্যের শটগানের বাট খোয়া যায়, পরে সেটি নাসিমন ভবনের সামনে থেকে উদ্ধার করা হয়।
ওসি জানান, এসময় দুই পিকেটারকে আটক করা হয়। এদের একজনের নাম মামুন। অন্যজনের নাম জানা যায়নি।
বিএনপি চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতাল বানচাল করতেই বাইরে থেকে সমাবেশের ওপর ককটেল বিস্ফোরণ করা হয়েছে।
ওদিকে সকাল থেকে নগরীতে রিকশা ছাড়া অন্য কোনো ভারি যানবাহন চলতে দেখা যায়নি। বড় সড়কগুলোতে মাঝে মাঝে কয়েকটি বাস ও সিএনজি চালিত অটো রিকশা চলাচল করতে দেখা গেছে।
অফিস-আদালত, ব্যাংক-বীমা কার্যালয় খোলা তবে কর্মকাণ্ড সীমিত ছিলো।
চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামার কাজে কোনো ব্যাঘাত সৃষ্টি হচ্ছে না বলে জানিয়েছেন বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন। বাইরে যান চলাচল না করায় পণ্য পরিবহন করা হচ্ছে না।
এছাড়া চট্টগ্রামের ব্যবসায়িক প্রাণকেন্দ্র চাক্তা-খাতুনগঞ্জে পাইকারীবাজারেও লেনদেন কম হচ্ছে।
চট্টগ্রাম থেকে বৃহস্পতিবারও বিমান ও ট্রেন যথানিয়মে ছেড়ে গেছে। তবে দূরপাল্লার বাস ছাড়তে দেখা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/আরএ/১৪০৫ ঘ.
bdnews24