২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র নেই: ফখরুল

নয়া পল্টনে দলীয় কার্যালয়ে পুলিশি বেষ্টনীর মধ্যে থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যে গণতন্ত্র নেই, এটা তারই নমুনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 05:53 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে দলীয় কার্যালয়ে পুলিশি বেষ্টনীর মধ্যে থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যে গণতন্ত্র নেই, এটা তারই নমুনা। ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবারও আগের দিনের মতোই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। কার্যালয়ের ভেতরে কাউকে ঢুকতে কিংবা সেখান থেকে কাউকে বের হতে দিচ্ছে না। সাংবাদিকরা ঢুকতেও পরিচয়পত্র দেখতে চাইছে পুলিশ। মির্জা ফখরুলসহ দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা কার্যালয়ে রয়েছেন। ফখরুল সাংবাদিক বলেন, "আপনারা দেখছেন, কীভাবে আমরা অবরুদ্ধ হয়ে আছি। সরকার বিরোধী দলকে সভা-সমাবেশ এবং রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না। দেশে গণতন্ত্র নেই, ভিন্ন লেবাসে একদলীয় বাকশালী শাসনে দেশ চলছে।" স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "আপনারা দেখছেন, আমরা ক'জনকে কযেকশ পুলিশ ঘেরাও করে রেখেছে। এটি একটি রাজনৈতিক দলের কার্যালয়। সেখানে এই অবস্থা! তার অর্থ দেশে গণতন্ত্র নেই। এভাবে গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।" বুধবার সংসদ ভবনের সামনে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, "গতকাল গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদের বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে কীভাবে পুলিশ আহত করেছে, তা দেশবাসী দেখেছেন। এরপর আমরা কী বলবো"। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিএনপিসহ চার দল বুধবার সকাল থেকে ৪৮ ঘণ্টার এ হরতালের ডাক দেয়। হরতালে বিএনপিকর্মীদের রাজপথে নামতে সরকার বাধা দিলেও জনগণ স্বতস্ফূর্তভাবে এতে সমর্থন দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। "আমাদের কাছে এখন পর্যন্ত খবরে সফলভাবেই হরতাল পালন হচ্ছে", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১৪৫ ঘ.