ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার হরতাল বানচাল করার উদ্দেশ্যে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং ভয়-ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের ধারা পুনঃস্থাপন এবং দলের নেতাদের মুক্তির দাবিতে বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত লাগাতার ৪৮ ঘণ্টা সারা দেশব্যাপী হরতাল ডেকেছে দলটি। প্রধান বিরোধী দল বিএনপিও একই দাবিতে একই সময়ব্যাপী হরতাল ডেকেছে।
গত ৩০ জুন বিভক্তি ভোটে সংসদে পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল-২০১১ পাস হয়।
হরতালের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে মিছিল বের করা হলে পুলিশ হামলা চালাচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।
সরকারের 'বাধা সত্ত্বেও' ৪৮ ঘণ্টার হরতাল সফল করতে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীসহ বিরোধী দলের নেতা-কর্মী হরতাল পালনের আহ্বান জানান জামায়াতের এই দুই শীর্ষ নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০২৯ ঘ.
bdnews24