২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বাধা দিলে আরো কঠোর কর্মসূচি: ফখরুল

আগামী দুদিনের হরতালে বাধা দিলে আরো কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 09:00 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দুদিনের হরতালে বাধা দিলে আরো কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মঙ্গলবার নয়া পল্টনে সাংবাদিকদের বলেন, "গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় জন্য এ হরতাল আহ্বান করেছি। এতে বাধা দেওয়া হলে আরো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।" হরতালে বাধা এলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারের ওপর যাবে বলেও হুঁশিয়ারি দেন ফখরুল। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রতিবাদের পাশাপাশি জনদুর্ভোগ অবসানের কয়েকটি দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপিসহ চারদল। তারেক রহমানকে ২১ অগাস্ট মামলার আসামি করার প্রতিবাদও জানাচ্ছে তারা। সরকার বিরোধী দলকে দমনের পথ নিয়েছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "পুলিশ ভোরে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তার করেছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খানের বাসায় পুলিশ তল্লাশি চালিয়ে তাকে না পেয়ে ভাংচুর ও গালিগালাজ করেছে।" "কিছুক্ষণ আগেও আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় ছাত্রদলের ছয় জনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। এভাবে গ্রেপ্তার করে জাতীয়তাবাদী শক্তির তরুণ অংশকে দাবিয়ে রাখা যাবে না", বলেন তিনি। হরতালের আগে গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপিকর্মীরা জড়িত বলে যে অভিযোগ করা হচ্ছে, তা প্রত্যাখ্যান করে ফখরুল বলেন, "আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতীতে গাড়িতে পেট্রোল দিয়ে মানুষ হত্যা করেছে। তারাই গাড়ি পোড়ানোর ঘটনা ঘটায়, বিএনপি নয়।" সাংবাদিকবদের সঙ্গে কথা বলার পর ফখরুল দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে পুরানা পল্টন সড়কে হরতালের সমর্থনে লিফলেট বিলি করেন। এ সময় বিএনপি নেতাদের মধ্যে ছিলেন- নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, রুহুল কবির রিজভী, হাবিবুর রহমান হাবিব, এবিএম মোশাররফ হোসেন, মাহবুবুল হক নান্নু, রফিক শিকদার, শহিদুল ইসলাম বাবুল, আমিরুল ইসলাম খান আলিম, আমিরুজ্জামান শিমুল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৫০ ঘ.