ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে গুলশানের একটি বাড়ি থেকে টুকুকে গ্রেপ্তার করা হয় বলে তার স্ত্রী সায়মা টুকু জানিয়েছেন।
সায়মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৩টার দিকে সাদা পোশাকের পুলিশের একটি দল টুকুকে তুলে নিয়ে যায়।"
গুলশানের ওই বাড়িটি টুকুর এক আত্মীয়ের।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান ছাত্রদল সভাপতিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কী কারণে বা কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রতিবাদের পাশাপাশি জনদুর্ভোগ অবসানের কয়েকটি দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপিসহ চারদল। হরতালের একদিন আগেই গ্রেপ্তার হলেন টুকু।
টুকুর ভাই জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ২১ অগাস্ট মামলার আসামি। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এমআই/১০০৫ ঘ.
bdnews24