ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিরুদ্ধে 'যুগপৎ ও অভিন্ন' কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে চারদলীয় জোট। শরিক দলগুলো রোববার দুপুর ১২টায় নিজেদের কার্যালয় থেকে এই কর্মসূচি জানাবে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংসদে পাস হওয়ার পর জোটের পরবর্তী করণীয় ঠিক করতে শনিবার রাতে শরিকদের সঙ্গে বৈঠকে বসেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
ওই বৈঠকের পর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, "চারদল সরকারের বিরুদ্ধে যুগপৎ ও অভিন্ন কর্মসূচি ঘোষণা করবে। রোববার দলীয়ভাবে ওই কর্মসূচি ঘোষণা করা হবে।"
এক প্রশ্নের জবাবে আজহার আভাস দেন, ঘোষণায় হরতাল-অবরোধের মতো কর্মসূচিও থাকতে পারে।
তিনি বলেন, "সরকার বিরোধী দলকে কোথাও দাঁড়াতেই দিচ্ছে না। আমরা ইতোমধ্যে ৩৬ ঘণ্টার হরতাল করেছি। সেজন্য এবার আমাদের কর্মসূচি হবে হরতাল-অবরোধের মতো কঠিন কর্মসূচি। কাল (রোববার) তা সুনির্দিষ্টভাবে জানতে পারবেন। অপেক্ষা করুন।"
বৈঠকের পর বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের বলেন, রোববার দুপুর ১২টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এই কর্মসূচি ঘোষণা করবেন।
একই সময়ে নিজ নিজ দলীয় কার্যালয় থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে শরিক দলগুলোও।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হওয়ার পর এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেন, সংবিধান এখন আওয়ামী লীগের ইশতেহারে পরিণত হয়েছে। এর ফলে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে।
বিএনপিসহ শরিক দলগুলো আগে থেকেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়ে আসছে। এই দাবিতে জুন মাসে দুই দফায় ৪৮ ঘণ্টা হরতালও করেছে তারা।
বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়ে যাওয়ার পর শুক্রবার বিকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেন, মধ্যবর্তী নির্বাচনের দাবিতে নয়, এবার সরকার পতনের জন্য আন্দোলন শুরু হবে।
৩ জুলাই (রোববার) আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও ২৮ জুন এক বিক্ষোভ সমাবেশে উল্লেখ করেছিলেন তিনি।
সেই আন্দোলনের কর্মসূচি ঠিক করতে শনিবার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে চার দল নেতাদের এই বৈঠক শুরু হয়।
প্রায় পৌনে এক ঘণ্টার ওই বৈঠকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, মহানগর আমীর রফিকুল ইসলাম খান, খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক, মহাসচিব আহমেদ আবদুল কাদের, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান, মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী ও যুগ্ম মহাসচিব মুফতি ফয়েজুল্লাহ এবং বিএনপির পক্ষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনে ভরাডুবির পর জোটের সব শরিক দলের নেতারা এই প্রথম একসঙ্গে বসলেন। গত আড়াই বছরে বিভিন্ন সময়ে তারা আলাদাভাবে বৈঠক করলেও কখনো একসঙ্গে বসেননি।
বৈঠকের পর এ টি এম আজহার বলেন, "সরকারের বিরুদ্ধে আমরা কঠোর কর্মসূচি দিতে যাচ্ছি। তারা একতরফাভাবে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। পঞ্চদশ সংশোধনী জনগণ গ্রহণ করবে না। সরকার সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা তুলে দিয়ে বৃহত্তর জনগোষ্ঠির ঈমানের ওপর আঘাত হেনেছে। মুসলিম বিশ্বের সঙ্গে সর্ম্পক বিনষ্ট করেছে। এসব কারণে সরকারের বিরুদ্ধে আমরা কঠিন আন্দোলনে যাচ্ছি।"
চারদলীয় জোটের বৈঠকের পরপরই সমমনা অন্য দলগুলোর নেতাদের সঙ্গে বসেন খালেদা জিয়া।
জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রধান শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপের প্রধান জেবেল রহমান গানি এ বৈঠকে অংশ নেন।
বিএনপির পক্ষে মির্জা ফখরুল, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী এ বৈঠকেও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২৩১২ ঘ.
bdnews24