ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বামপন্থী ও ডানপন্থীদের বিরোধিতার কারণে আক্ষেপ প্রকাশ করেছেন এ প্রক্রিয়ায় শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত সুরঞ্জিত সেনগুপ্ত।
শনিবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারে এক আলোচনা সভায় তিনি বলেন, "এমন একটা সংশোধনী আমরা পাস করলাম, যা দিয়ে আমরা কাউকেই খুশি করতে পারলাম না। না ডান, না বাম, আর সাম্প্রদায়িক গোষ্ঠীকে তো নয়-ই।"
"কারণ আওয়ামী লীগ ডানও নয়, বামও নয়। এ দু'য়ের কেন্দ্রে রয়েছে আওয়ামী লীগ", একইসঙ্গে যোগ করেন তিনি।
গত বৃহস্পতিবার সংসদে পঞ্চদশ সংশোধনী বিল পাস হয়। এতে '৭২ এর সংবিধানে থাকা রাষ্ট্র পরিচালনার চার মূল নীতি প্রতিষ্ঠিত হলেও ধর্মনিরপেক্ষতার পাশাপাশি রাষ্ট্রধর্ম ইসলাম ও সংবিধানের শুরুতে 'বিসমিল্লাহ,,' বহাল রাখার বিরোধিতা করছে বামপন্থী দলগুলো। অন্যদিকে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিত এবং 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' শব্দবন্ধ বাদ পড়ায় হরতাল ডেকেছে ইসলামী কয়েকটি দল।
এক সময়ের ন্যাপ ও গণতন্ত্রী পার্টির নেতা এবং বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান ছিলেন। বিল উত্থাপনের পর তা পরীক্ষার জন্য যে কমিটিতে যায়, সেই আইন, বিচার ও সংসদ সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতিও ছিলেন তিনি।
শহীদ জননী জাহানারা ইমাম ও এমআর আখতার মুকুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত 'সংবিধান সংশোধন ও বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক ওই আলোচনায় সুরঞ্জিত তত্ত্বাবধায়ক সরকারকে রাজনীতিতে বড় দুর্বলতা হিসেবে চিহ্নিত করেন সুরঞ্জিত।
তিনি বলেন, "এর মাধ্যমে তিনটি সংসদ নির্বাচন হয়েছে। কিন্তু আমরা সংসদকে কার্যকর করতে পারিনি। বরং সংঘাত-সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচনে পরাজিত হলে আর সংসদে আসে না বিরোধী দল। তারা সরকারের বিরোধিতা না করে সংসদের বিরোধিতা করে থাকেন।"
পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে বিলুপ্ত হয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। ১৯৯৬ সালে আওয়ামী লীগের আন্দোলনের মুখেই এ ব্যবস্থা সাংবিধানিক ভিত্তি পেয়েছিলো।
বিরোধী দলকে আলোচনায় আসার আহ্বান জানিয়ে এ সংসদ সদস্য বলেন, "নির্বাচনকালে কোনো সরকারই কার্যকর থাকবে না। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। কমিশনকে শক্তিশালী করতে প্রয়োজনে আইন সংশোধন করা হবে। যাতে সকলের গ্রহণযোগ্য একজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা যায়।"
"নির্বাচন কমিশনকে দলীয় নির্বাচন কমিশন বলে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী দল। এর মাধ্যমে তারা সততার পরিচয় দিচ্ছেন না। নিজের বিবেকের সাথে নিজে প্রতারণা করছেন", বলেন তিনি।
সুরঞ্জিত বলেন, বিরোধী দলের জন্য আলোচনার পথ সব সময় খোলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৮৫০ ঘ.
bdnews24