ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি মেনে নেবে না। তবে কনকো-ফিলপসের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালেও বিএনপির সমর্থন নেই।
শনিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, "সমুদ্রে তেল-গ্যাস উত্তোলন সংক্রান্ত চুক্তির বিষয়ে সরকার এখনো কিছুই প্রকাশ করেনি। কি চুক্তি হয়েছে- তা আমরা কিছুই জানি না; জনগণও জানে না। চুক্তি না দেখে এই ইস্যুতে হরতালে সমর্থন দেওয়া না দেওয়ার প্রশ্ন অবান্তর।"
বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য গত ১৬ জুন যুক্তরাষ্ট্রের কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে উৎপাদন-বণ্টন (পিএসসি) চুক্তি করে সরকার। ওই চুক্তি বাতিলের দাবিতে রোববার ভোর ৬টা থেকে রাজধানী ঢাকায় অর্ধ দিবস হরতাল ডেকেছে তেল-গ্যাস কমিটি।
এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "চুক্তির বিষয় যেহেতু জানি না, তাই আমরা সমর্থনও জানাইনি।"
তবে দেশের স্বার্থ 'জলাঞ্জলি দিয়ে' করা কোনো চুক্তি বিএনপি মেনে নেবে না উল্লেখ করে তিনি বলেন, "চুক্তি করতে হলে অবশ্যই দেশের স্বার্থ দেখতে হবে।"
নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন, আবদুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৮৪৬ ঘ.
bdnews24