২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ছাত্রলীগের হামলায়' ছাত্রদলের নবীনবরণ পন্ড

সাতক্ষীরা সিটি কলেজে শনিবার সকালে ছাত্রলীগের হামলায় নবীনবরণ পন্ড হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

সাতক্ষীরা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সিটি কলেজে শনিবার সকালে ছাত্রলীগের হামলায় নবীনবরণ পন্ড হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। তবে ছাত্রলীগের দাবি, দুই সংগঠনের মিছিলে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত আটজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দু'পক্ষের নেতারা দাবি করছেন। জেলা ছাত্রদল সভাপতি হাফিজুর রহমান মুকুল জানান, উচ্চ মাধ্যমিক শ্রেণীর ক্লাস শুরুর দিন ছিল বলে শনিবার ছাত্রদল সিটি কলেজে নবীনবরণের আয়োজন করে। বেলা সাড়ে ১১টায় নেতা-কর্মীরা ফুল নিয়ে কলেজে প্রবেশ করলেই ছাত্রলীগ তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন মুকুল। তিনি জানান, হামলার সময় ছাত্রলীগের সঙ্গে যুবলীগের বহিষ্কৃত ক্যাডার হাতকাটা মান্নান ও হাসান উপস্থিত ছিলো। হামলায় রড হকিস্টিক পাইপ ব্যবহার করে ছাত্রলীগ। হামলায় সিটি কলেজ ছাত্রদল সম্পাদক আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি আফতাবুজ্জামান, জিয়া, হাবিবুর রহমান, ফারুক হেসেন, বিপুলসহ বেশ কয়েকজন আহত হয়। এসময় নেতাকর্মীরা দৌড়ে কাছের আইডিয়াল কোচিং সেন্টারে আশ্রয় নেন। মুকুল বলেন, দুপুর ১টায় আবারো হামলা চালায় ছাত্রলীগ। এসময় তারা আইডিয়াল কোচিং সেন্টারের দরজা, জানালা, আসবাবপত্র ছাড়াও একটি মোটরসাইকেল ভাংচুর করে। আহতদের মধ্যে পাঁচজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ছাত্রদল সভাপতি জানান। ছাত্রদলের কলেজ শাখার সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, "ছাত্রলীগ ক্যাডাররা তার হাত-পা ভেঙে দিয়েছে।" জেলা ছাত্রলীগ সভাপতি শেখ জুয়েল হাসান সাংবাদিকদের জানান, উভয়পক্ষের মিছিলে সংঘর্ষ হলে ছাত্রলীগের আমিনুর রহমান, রাসেল ও ইমরান আহত হন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান জুয়েল হাসান। এ ব্যাপারে সিটি কলেজের অধ্যক্ষ আবু আহম্মদ বলেন, কলেজ ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটেনি। তবে ক্যাম্পাসের বাইরে সংর্ঘষের ঘটনা ঘটেছে বলে শুনেছেন তিনি। সদর থানার ওসি শাহজাহান আলী খান জানান, ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত হয়েছে। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪২ ঘ.