ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে আবার গ্রেপ্তার করা হয়েছে।
রমনা থানা এলাকায় একটি গাড়ি পোড়ানোর মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে পুলিশ। এর শুনানি হবে আগামী ৪ জুলাই।
বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার হরতাল চলাকালে গত ১৩ জুন কাকরাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিগত হরতালে নিউমার্কেট থানা এলাকায় একটি গাড়ি পোড়ানো মামলায় বুধবার কেন্দ্রীয় কারাগারের ফটকে তাকে দ্বিতীয় দফা গ্রেপ্তার করা হয়।
তাকে ১০ দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয় বৃহস্পতিবার। এদিন রিমান্ড অনুমোদন না করে খোকনকে জামিন দেয় আদালত।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খোকনকে বৃহস্পতিবার আবারো গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীতে হরতালের নামে গাড়ি পোড়ানোর ঘটনার রহস্য বের করতে তাকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২১০৫ ঘ.
bdnews24