ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারবাজারে কারসাজির ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও আবদুল জলিল।
জাতীয় সংসদে মঙ্গলবারের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় তারা এ দাবি জানান।
সাবেক খাদ্যমন্ত্রী আমু বলেন, "শেয়ার বাজারের ঘটনায় সরকারের সকল অর্জন ম্লান হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এ ঘটনার সুরাহা করার জন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।"
অন্যদিকে জলিল বলেন, "শেয়ার বাজারে কেলেঙ্কারির মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। যারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের সর্বনাশ করেছে, তারা যেই হোক না কোনো- তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।"
৯৬-২০০১ মেয়াদে জলিল বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
'সংবিধানের মূলে তারাই হাত দিয়েছিলো'
আলোচনায় অংশ নিয়ে সংবিধান সংশোধন ও তত্ত্বাবধায়ক সরকারের বিষয়েও বক্তব্য রাখেন এই দুই নেতা।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরই সংবিধানকে 'রেপ' করা শুরু হয়েছিলো- এমন মন্তব্য করে আমির হোসেন আমু বলেন, "তারা বলছে- সংবিধানের মূলে হাত দিলে, তারা তা মানবে না। সংবিধানের মূলে তো তারাই হাত দিয়েছিলো। ৭৫-এর পর যারা বার বার ক্ষমতায় এসেছে তারাই এই সংবিধানকে রেপ করেছে।"
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া আদালতের রায়ের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমাদের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে।"
"তাদের কোনো প্রস্তাব থাকলে সংসদে আসতে পারেন। বাইরেও বসতে পারি। আলোচনা করতে পারি। আলোচনার মাধ্যমে আমরা একটা জায়গায় যেতে পারি।"
ইতোমধ্যেই বিএনপির অনুপস্থিতিতে সংবিধান সংশোধন বিষয়ক সংসদীয় বিশেষ কমিটির তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ ৫১টি সুপারিশ সম্বলিত প্রস্তাব বিল আকারে সংসদে উত্থাপিত হয়েছে।
এর আগে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আদালতের রায় অনুযায়ী এ ব্যবস্থা রাখার কোনো সুযোগ নেই।
তবে প্রধান বিরোধী দল বিএনপি রায়ের পর থেকেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলে 'সরকারের পরিকল্পনার' তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। দলটির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ বেশ কয়েকজন শীর্ষনেতা ইতোমধ্যে বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যাবে না।
আবদুল জলিল বলেন, "আমাদের কাছে ব্যক্তিগত ও দলগত স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থ অনেক বড়। মুক্তিযোদ্ধাদের উন্নয়নে আমাদের এগিয়ে আসতে হবে। শুধু ট্রেনিংপ্রাপ্ত নয়, যারাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন- তাদের তালিকায় রাখতে হবে।"
বাজেটে নির্ধারিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে বলে মনে করেন এই সাবেক বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, "ব্যর্থ হলে বেসরকারি খাতে ঋণ পেতে সমস্যা হবে। তাতে সরকারের ঘোষণা অনুযায়ী মুদ্রাস্ফীতি আটে ধরে রাখা কঠিন হবে।"
মাতা সাগরের ইজারা বাতিল হবে
দিনাজপুরের মাতা সাগরের ইজারা বাতিল করা হবে বলে সংসদে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
বাজেটের ওপর আলোচনায় তিনি বলেন, "বিরোধীদলীয় নেতার পিতা ইস্কান্দার মজুমদার দুর্নীতির মাধ্যমে মাতা সাগরের ইজারা নিয়েছিলেন। পরে তা ফজলুল রহমান পটলের কাছে বিক্রি করা হয়। এ বরাদ্দ শিগগিরই বাতিল করা হবে।"
প্রতিমন্ত্রী জানান, ৪৫ একর আয়তনের এ দীঘি ইজারার জন্য ১৯৭৭ সালে আবেদন হলেও দুর্নীতি করে তারও এক বছর আগে বরাদ্দ দেখানো হয়।
প্রস্তাবিত বাজেটের প্রশংসা করে ফিজার বলেন, "বাজেটের ভুল ধরবো কোথায়? অর্থমন্ত্রী ভিক্ষুকদের জন্যও ভাতার ব্যবস্থা রেখেছেন!"
পরিবেশবাদীদের বিরোধিতা থাকলেও ফুলবাড়ি খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা আহরণের পরামর্শ দেন দিনাজপুরের এ সংসদ সদস্য।
বিরোধী দল দমন-পীড়নের যে অভিযোগ করে আসছে, তার জবাবে এ প্রতিমন্ত্রী বলেন, "আইন-শৃঙ্খলার কী এমন হয়েছে? এম কে আনোয়ার, জয়নাল আবদীন ফারুক কি মারা গেছেন? আপনাদের মিটিংয়ে কি বোমা পড়ছে? আমাদের মমতাজ ভাই, আহসানউল্লাহ মাস্টার, কিবরিয়া সাহেব তো মারা গিয়েছিলেন।"
পেট্রোলে ভর্তুকি বন্ধের দাবি
নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর পেট্রোলে ভর্তুকি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, "ধনী মানুষের বিলাসিতার ক্ষেত্রে পেট্রোলে ভর্তুকি দেওয়া ঠিক নয়। গাড়িতে সিএনজি ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত।"
পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার দাবির বিরোধিতা করে তিনি বলেন, "যারা কর দেন, আর যারা অবৈধভাবে কালো টাকা আয় করছেন- সকলে একই সুযোগ পাবে। এটা ঠিক নয়।"
তরুণ প্রজন্মকে ধূমপান থেকে দূরে রাখতে তামাকের ওপর কর বাড়ানোর সুপারিশ করেন সরকারদলীয় এ সংসদ সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এমআই/পিডি/১৯৫৬ ঘ.
bdnews24