ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সংবিধান সংশোধন বিল পর্যালোচনাকারী সংসদীয় কমিটি রাজি হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।
মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
গত শনিবার সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ বিল সংসদে উত্থাপিত হয়। বিলটি পরীক্ষা নিরীক্ষার জন্য স্থায়ী কমিটিতে রয়েছে। দুই সপ্তাহের মধ্যে তা পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন সংসদে উপস্থাপনের কথা রয়েছে।
সিইসি বলেন, "নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সিইসি, এক জন নারী নির্বাচন কমিশনারসহ তিন সদস্যের ইসি গঠনের বিষয়ে এক মত স্থায়ী কমিটি। এজন্যে প্রস্তাবিত পঞ্চদশ সংবিধান সংশোধন বিলে ইসির মতামত অন্তর্ভূক্ত করা হবে বলে জানানো হয়।"
সংসদে উত্থাপিত বিলে সিইসিসহ অনধিক চার সদস্য নিয়ে সর্বোচ্চ ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করা হয়।
এর আগে গত ৭ এপ্রিল ইসি তিনটি বিষয়ে সুপারিশ করে। তা হলো- 'নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কার্যাবলী' বিষয়ে সংবিধানের ৫৮ ঘ (১) অনুচ্ছেদ এবং 'দ্বৈত সদস্যতায় বাধা' বিষয়ে ৭১ (১) অনুচ্ছেদ সংশোধন; 'নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা' বিষয়ে ১২৫ অনুচ্ছেদে আরেকটি ধারা (গ) সংযোজন।
এ বিষয়ে শামসুল হুদা বলেন, "একটি প্রস্তাবে একমত হয়েছে স্থায়ী কমিটি। এরমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে গেজেট প্রকাশ পর্যন্ত নির্বাচনী বিষয়ে আদালতের চ্যালেঞ্জ করা যাবে না- এ বিষয়টি সংবিধানের অন্তর্ভুক্ত করার বিষয়ে সম্মতি রয়েছে কমিটির।"
অনুচ্ছেদ ১২৫-এ একটি নতুন উপধারা (গ) যুক্ত করার প্রস্তাব দেয় ইসি। তাতে বলা হয়- 'নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশ হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি ইসির সিদ্ধান্ত নিয়ে কোনো আদালতে কোনো ধরনের প্রশ্ন তুলতে পারবেন না।'
অনুচ্ছেদ ৫৮ ঘ (১)-এ বলা হয়েছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে দায়িত্ব পালন করবে এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিদের সহায়তায় সরকারের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করবে। এসব কাজ সম্পাদনের প্রয়োজন ছাড়া কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিতে পারবে না।
এই ধারার সঙ্গে 'তবে (তত্ত্বাবধায়ক সরকার) নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শক্রমে সম্পাদন করবেন'- এ বাক্যটি যুক্ত করার সুপারিশ করে ইসি।
সংবিধানের অনুচ্ছেদ ৭১ (১)-এ বলা হয়েছে- কোনো ব্যক্তি একই সময়ে দুই বা ততোধিক নির্বাচনী এলাকায় সংসদ সদস্য হবেন না। তবে (২) দফায় বলা হয়েছে, একই সময়ে দুই বা ততোধিক নির্বাচনী এলাকা থেকে প্রার্থী হওয়ার ক্ষেত্রে (১) দফায় বর্ণিত নিয়ম প্রতিবন্ধক হবে না।
সংবিধান সংশোধনে বিশেষ কমিটির ইসি সুপারিশ করে- ৭১ (১) অনুচ্ছেদ সংশোধন করে লিখতে হবে- 'কোনো ব্যক্তি একসঙ্গে একটির বেশি নির্বাচনী এলাকা থেকে (সংসদ নির্বাচনে) প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।'
ইসি মনোনয়নে আইন প্রণয়নের প্রক্রিয়া
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনর (ইসি) নিয়োগের ব্যাপারে সংবিধানের ১১৮ অনুচ্ছেদের আলোকে আইন প্রনয়নের প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার সংসদে চট্টগ্রাম-১০ আসনে সরকারদলীয় সংসদ সদস্য এমএ লতিফের এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, নির্বাচন কমিশন এ নিয়োগের বিষয়ে 'প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার (নিয়োগ পদ্ধতি) আইন-২০১১ এর খসড়া করেছে। এ নিয়ে সংলাপ চলছে। আগামী জুলাই মাসে এ সংলাপ শেষে প্রস্তাবিত আইনের খসড়া চূড়ান্ত হবে। এরপরই এ আইন প্রণয়নের কাজ শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫১৫ ঘ.
bdnews24