ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থায়নে অনিশ্চয়তা এবং বিনিয়োগবান্ধব না হওয়ায় প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করে বিএনপি।
সোমবার ২০১১-১২ অর্থবছরের বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলের পক্ষে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এ কথা বলেন।
তিনি বলেন, "প্রস্তাবিত বাজেট নির্দেশনাহীন। এটি দিকনির্দেশনাহীন অনিশ্চিত পথে যাত্রার ভুল ও বিভ্রান্তিকর সংকেতের দলিল মাত্র।
"চলতি অর্থ বছরের তুলনায় বৈদেশিক ঋণ ১২৫ ভাগ বৃদ্ধি করা হয়েছে। এতে বৈদেশিক ঋণ ও সঞ্চয়পত্র খাতে ঘাটতি মেটাতে সংকট আরো তীব্র হবে। এর ফলে বেসরকারি খাতে বিনিয়োগ স্থবির হবে বলে আমরা মনে করি।"
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান আনোয়ার।
গত ৯ জুন অর্থমন্ত্রী সংসদে ১ লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেট নিয়ে সংসদে এখন আলোচনা চললেও সংসদ অধিবেশনে যোগ না দেওয়ায় তাতে বিএনপির অংশগ্রহণ নেই। আগামী বৃহস্পতিবার সংসদে বাজেট পাস হবে।
অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনার আগে গত ৮ জুন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ২০০১১-১২ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন।
কালো টাকা
যে কোনো ধরনের অপ্রদর্শিত অর্থ বৈধ করার বিপক্ষে বিএনপি- এ মন্তব্য করে আনোয়ার বলেন, "সৎ করদাতাদের এটি অনুৎসাহিত করবে। তাছাড়া এর সঙ্গে নৈতিকতার প্রশ্নও জড়িত।"
দেশে এই প্রথমবারের মতো কালো টাকার মালিকদের সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের সুযোগ দিয়ে প্রকৃতপক্ষে সরকার তাদের কাছ থেকে অর্থ ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন বলেও মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
"এর ফলে পুরো রাষ্ট্রযন্ত্র কালোটাকার মালিকদের কাছে জিম্মি হয়ে পড়বে।"
আনোয়ার বলেন, মূলত যারা পুঁজিবাজার থেকে অর্থ হাতিয়ে নিয়েছিলেন তারাই এখন এ সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছেন।
'জীবনযাত্রার ব্যয় আরো বাড়বে'
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গে বাজেটের অনেক অসঙ্গতি রয়েছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সভাপতি এম কে আনোয়ার।
তিনি বলেন, [ইশতেহারে] দ্রব্যমূল্য, দুর্নীতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠাসহ যেসব বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে [বাজেটে] তার কোনো প্রতিফলন নেই। একমাত্র আয়কর ব্যতীত বাকি সব ক্ষেত্রে বর্ধিত রাজস্ব আদায়ের ফলে দ্রব্য ও পণ্য উৎপাদন ব্যয় বাড়বে। সেবাখাতে মূল্য বৃদ্ধি পাবে।
"এর বোঝা জনগণের ওপর বর্তাবে। জীবনযাত্রার ব্যয় আরো বৃদ্ধি পাবে।"
আনোয়ার বলেন, মূল্যস্ফীতি কমানোর সরকারের ঘোষিত আশ্বাস হতাশায় পরিণত হবে।
"কৃষি খাতে বরাদ্দ চলতি অর্থবছরের চেয়ে ৫ শতাংশ কমানো হয়েছে। কৃষি বীমার কোনো অর্থ বরাদ্ধ বাজেটে রাখা হয়নি।"
বস্ত্র ও তাঁত শিল্প
আনোয়ার বলেন, বস্ত্র ও তাঁত শিল্প সমস্যা সঙ্কুলান হলেও এ খাত নিয়ে প্রস্তাবিত বাজেটে কিছু বলা হয়নি।
"এ খাতকে রক্ষায় অর্থমন্ত্রী নগদ অর্থ সহায়তা বা সুদের হার কমানোর ঘোষণা দিতে পারতেন। তবে তিনি এ ব্যাপারে নিশ্চুপ ছিলেন।"
রপ্তানি শুল্ক
রপ্তানি আয়ের ওপর উৎসে কর শূন্য দশমিক ৪ শতাংশ থেকে বাড়িয়ে দেড় শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এটি এ খাতের জন্য ধ্বংস ডেকে আনতে পারে বলে জানান আনোয়ার।
তিনি বলেন, এই হার কোনোভাবেই বাড়ানো উচিত নয়, আগের মতোই রাখা উচিত।
আবাসন খাত
প্রস্তাবিত বাজেটে বাণিজ্যিক ভবনের ওপর কর দুই হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার ও ২০ হাজার টাকা অনেক বেশি হয়ে যায় বলে জানান সাবেক কৃষিমন্ত্রী আনোয়ার।
তিনি বলেন, "সত্যিকার অর্থে এই করের বোঝা ক্রেতাদের ওপরই চাপানো হবে। সুতরাং এটি পুনর্বিবেচনা করা উচিত।
এসএমই
প্রস্তাবিত বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে (এসএমই) আয়ের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তবে এক্ষেত্রে সর্বনিু আয় ১ কোটি থেকে বাড়িয়ে ৬ কোটি করা উচিত বলে মনে করে বিএনপি।
সর্বনিম্ন আয়কর সীমা
ব্যক্তির ক্ষেত্রে সর্বনিু আয়কর সীমা তিন লাখ করা উচিত বলে মনে করে বিএনপি। তাছাড়া সরকারি চাকরিজীবীদের কাছ থেকে কর আদায়েরও সমালোচনা করেছে দলটি।
এম কে আনোয়ার বলেন, বেসরকারি চাকরিজীবীদের চেয়ে কম বেতন পাওয়ার কারণে মেধাবিরা সরকারি চাকরি ছেড়ে দিতে পারে।
শুল্ক ও সম্পূরক শুল্ক
এম কে আনোয়ার বলেন, প্রস্তাবিত বাজেটে একশর বেশি পণ্য ও সেবার শুল্ক ও সম্পূরক শুল্ক ২০ থেকে ৫০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
"এর ফলে পণ্যমূল্য বেড়ে যাবে এবং ভোক্তাদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। এটি মূল্যস্ফীতিতে চাপ ফেলবে।"
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, সাবেক রাষ্ট্রদূত সাবিহউদ্দিন, বিরোধীদলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসএম/এএল/পিডি/১৯১০ ঘ.
bdnews24