২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আসুন একসঙ্গে চট্টগ্রামকে সুন্দর করি'

সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে চট্টগ্রামের উন্নয়নে কাজ করতে বর্তমান মেয়র এম মনজুর আলমের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

চট্টগ্রাম, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে চট্টগ্রামের উন্নয়নে কাজ করতে বর্তমান মেয়র এম মনজুর আলমের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। মাসব্যাপী বৃক্ষমেলা উপলক্ষে শুক্রবার বিকালে চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "আসুন আমরা সবাই মিলে কীভাবে এ শহরকে সুন্দর করা যায়, সে ব্যবস্থা নিই।" নগরীর উন্নয়নে সব ধরনের পেশাজীবী, রাজনৈতিক নেতা, শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান মহিউদ্দিন। বর্তমান মেয়র মনজুর আলমের দিকে ইংগিত করে মহিউদ্দিন বলেন, "নির্বাচনে আমি পরাজিত হয়েছি। বিদ্বেষ থাকতে পারে, তবু তার আমন্ত্রণে আমি এখানে এসেছি।" বৃক্ষমেলার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য বর্তমান মেয়রকে তিনি ধন্যবাদ জানান। তবে সিটি মেয়র মনজুর আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। চট্টগ্রামের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে 'অন্তর্দ্বন্দ্ব' আছে উল্লেখ করে নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী বলেন, "আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছি।" মহিউদ্দিন চৌধুরী সিটি করপোরেশনের মেয়র থাকাকালে চট্টগ্রামে এই বৃক্ষমেলার আয়োজন শুরু হয়। বর্তমান মেয়র মনজুর আলমও সেই ধারা অব্যাহত রেখেছেন। এ বিষয়ে মহিউদ্দিন আলোচনা সভায় বলেন, "বৃক্ষরোপণে জনগণকে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল। এটা অব্যাহত থাকবে।" চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) আয়োজিত এই আলোচনা সভায় সিসিসির পরিবেশ স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স'র সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক জাফর আলম, চট্টগ্রাম উত্তর বনাঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা উত্তম কুমার সাহা ও সিসিসি'র প্যানেল মেয়র জোবাইদা নার্গিস খান বক্তব্য রাখেন। বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএইচ/এএল/জেকে/২১৪৫ ঘ. ু