২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধ করলে সাজা তো হবেই: লতিফ বিশ্বাস

আদালতকে প্রভাবিত করে নয়, বরং অপরাধ প্রমাণিত হওয়ায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাজা হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 02:16 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

সিরাজগঞ্জ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতকে প্রভাবিত করে নয়, বরং অপরাধ প্রমাণিত হওয়ায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাজা হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী খালে স্লুইস গেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "অপরাধী যতো ক্ষমতাবানই হোক না কেন তার সাজা হবেই। কোকোর ক্ষেত্রেও তাই হয়েছে। আইন তার নিজস্ব গতিতে চলবে। এ নিয়ে মায়া কান্না করে লাভ নেই।" মুদ্রাপাচারের দায়ে আরাফাত রহমান কোকোকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বিরোধী দলের উদ্দেশে লতিফ বিশ্বাস বলেন, "দেশের সম্পদ লুণ্ঠন আর ইস্যুবিহীন হরতাল করে ক্ষমতায় যাওয়া যায় না।। ক্ষমতায় যেতে হলে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালন করতে হবে।" বেলকুচির সহকারী কমিশনার (ভূমি) জুলকার নায়নের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার ও এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম সিরাজ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/১৯২৩ ঘ.