ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে চলমান সঙ্কটের সমাধান আলোচনার মাধ্যমেই হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
শুক্রবার বিকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আশরাফ বলেন, "আমি অনেক কিছুই জানি। আমি আপনাদের সব কিছু বলবো না। কিন্তু একটা কথা বলবো- কথা কিন্তু হবে।"
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধান সংশোধনের ৫১টি সুপারিশ সম্বলিত একটি প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদের অনুমোদন পেয়েছে। শিগগিরই তার বিল আকারে সংসদে ওঠার কথা।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সর্বোচ্চ আদালত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার রাখার আর সুযোগ নেই। বিরোধী দলের অন্য কোনো প্রস্তাব থাকলে তারা সে বিষয়ে আলোচনা করতে পারে।
অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল রাখা না হলে কোনো আলোচনাতেই তারা রাজি নয়।
বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উন্নয়ন সহযোগিতা বিষয়ক কমিশনার আন্দ্রিস পিয়েবাল্গস ও জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডির্ক নিয়েবেলও আলোচনার মধ্যমে এই সমস্যা মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আন্দ্রিস পিয়েবাল্গস বলেন, রাজনৈতিক দলগুলোর বিরোধ তাদের নিজেদেরই মেটাতে হবে। কেবল পরস্পরের বিরোধিতার রাজনীতি না করে জনগণের জন্য রাজনীতি করতে হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে আদালতের রায়ে সরকারের সঙ্গে বিরোধী দলের সম্পর্কের আরো অবনতি হবে কি না- এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী আশরাফ শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, "আমরা মনে হয় না- এতে দুদলের দূরত্ব বাড়বে।"
তিনি বলেন, "আলোচনা ছাড়া সমাধান সম্ভব নয়। সংসদে বিল উঠলেও আলোচনা করে সমাধান সম্ভব।"
মুদ্রাপাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার কোকোকে ছয় বছর কারাদণ্ড ও আর্থিক জরিমানা করে ঢাকার জজ আদালত।
'টক শো বিনোদন'
উপস্থিত সাংবাদিকদের আশরাফ বলেন, "এখন টক-শো দেখে আমি দুঃখিত হই। আবার, খুব আনন্দও হয়। দুই দলের দুই জনকে লড়িয়ে দিয়ে আপনারা খুশি হন। সবার শেষে বলেন- এভাবে চলতে পারে না।"
'টক শো' নিয়ে রসিকতা করে আশরাফ বলেন, "কবরী-মমতাজরা এখন সংসদে, হুমায়ুন আহমেদও আগের মতো নাটক লেখেন না। আমরা এখন বিনোদন পাবো কোথায় থেকে? টক-শো দেখেই আনন্দ পাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২০০১ ঘ.
bdnews24