চাঁদপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের চার দিন পর একটি ব্যালট বাক্স ও বেশ কিছু ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার ওসি খান মো. এরফান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কালিয়াইশ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি মাঠ থেকে ব্যালট বাক্স ও ১৮০টি ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।
গত ১৯ জুন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে ভোট চলাকালে কালিয়াইশ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ভোটবাক্সটি ছিনতাই হয়। একজন চেয়ারম্যান প্রার্থী ও একজন সদস্য প্রার্থীর সমর্থকরা ওই কেন্দ্র থেকে ব্যালট বাক্সটি ছিনতাই করে নিয়ে যায়। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে মো. ইউসুফ নামের এক ব্যক্তি নিহত হয়। ওই কেন্দ্রে ভোট স্থগিত করা করা হয়। বাক্সটি আর খুঁজে পাওয়া যায়নি।
মতলব উত্তর থানার ওসি রুস্তম আলী শিকদার জানান, বৃহস্পতিবার মতলব উত্তরে ভোট গ্রহণ শেষে কয়েকটি স্থানে সংঘর্ষ হয়েছে। এতে অন্ততঃ ১০ জন আহত হয়।
তিনি জানান, রাত ৮টার দিকে ফতেপুরে বিজয়ী ইউপি সদস্য প্রার্থী দুলাল হোসেনের ওপর পরাজিত এক সদস্য প্রার্থী হামলা চালালে তিনজন আহত হয়।
এছাড়া তিতারকান্দি কেন্দ্রে ভোট গণনা শেষে ব্যালট বাক্স নিয়ে উপজেলা সদরে ফেরার পথে পরাজিত এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে হামলার চেষ্টাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কেউ হতাহত হয়নি।
রুস্তম আলী শিকদার জানান, একই সময় ষাটনল ইউনিয়নের মালোপাড়ায় পরাজিত এক সদস্য প্রার্থীর লোকজন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে হামলা করে।
হামলাকারীরা কয়েকটি বসতঘর ও একটি মন্দির ভাংচুর করে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৬৩৫ ঘ.
bdnews24