২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তারেক-কোকোকে বাঁচাতে ধ্বংসাত্মক রাজনীতি করছে বিএনপি'

খালেদা জিয়ার দুই ছেলেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্যই বিএনপি ধ্বংসাত্মক রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 10:12 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার দুই ছেলেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্যই বিএনপি ধ্বংসাত্মক রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে 'বিএনপি-জামায়াত জোটের হিংসাত্মক রাজনীতি ও গণতন্ত্রের বাধা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু সংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে। 'সুপুত্রদের' রক্ষা করতে কর্মসূচি দিয়ে লাভ হবে না- এ মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি এখন মিথ্যাচার করছে যে, রাজনৈতিক ভাবে আদালতকে প্রভাবিত করে তড়িঘড়ি করে কোকোর মামলার রায় দেওয়া হয়েছে। কিন্তু আদালতকে আমরা কোনোভাবেই প্রভাবিত করিনি। কোকোর অর্থপাচার মামলার সূত্রপাত হয়েছে আমেরিকায় এফবিআইয়ের মাধ্যমে। মুদ্রাপাচারের মামলায় বৃহস্পতিবার খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে ছয় বছর কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত। কোকোর অনুপস্থিতিতেই এ দণ্ডাদেশ দেওয়া হয়। আইন প্রতিমন্ত্রী বলেন, পাচার হয়ে যাওয়া কোটি কোটি টাকা দেশে ফিরিয়ে আনা হবে। আর অপরাধী, সে যত বড় নেতাই হোক, রক্ষা পাবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে জিয়া পরিবারকে ধ্বংসের অভিযোগ প্রসঙ্গে কামরুল বলেন, আমরা জিয়া পরিবারকে ধ্বংস করছি না। জিয়া পরিবারের দুই ছেলে তাদের কর্মকাণ্ডের পরিণতি ভোগ করছে। বিরোধী দলকে হিংসাত্মক রাজনীতি বাদ দিয়ে আগামী নির্বাচন কীভাবে হবে সে বিষয়ে সংসদে এসে আলোচনার জন্য আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সংস্কৃতিক জোটের সহ-সভাপতি চিত্রনায়ক ফারুক। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এসআইএম/আরআরডি/এএল/কেএমএস/১৬০৪ ঘ.