চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি দলের লোকজন শেয়ারবাজার থেকে অর্থ লুটপাটের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 'শেয়ারবাজার লুটপাট করে ৩৩ লাখ বিনিয়োগকারীকে নিঃস্ব করার' প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আমীর খসরু বলেন, শেয়ারবাজার লুট করে ৩৩ লাখ বিনিয়োগকারীকে পথে বসানো হয়েছে। এর সঙ্গে সরকারি দলের লোকেরা যুক্ত।
আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে সরকার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাছে যাওয়ার সাহস এ সরকারের নেই। তাই তারা নিজেদের অধীনেই নির্বাচন করতে চায়।
মুদ্রা পাচার মামলায় আরাফাত রহমান কোকোর শাস্তির বিষয়ে নিন্দা ও প্রতিবাদও জানান খসরু।
মুদ্রাপাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার কোকোকে ছয় বছর কারাদণ্ড দিয়ে রায় দিয়েছে ঢাকার জজ আদালত।
রায়ের পরপরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আপিলের বিষয়টি এড়িয়ে কোকোর কৌঁসুলি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, "আমরা রাজনৈতিকভাবে এ রায় মোকাবেলা করবো।"
সমাবেশ থেকে কোকোর বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হলেও পুলিশের বাধায় বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল না করে দলীয় কার্যালয়ে ফিরে যান।
সমাবেশে অন্যদের মধ্যে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম ও নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/২০০৬ ঘ.
bdnews24