বরিশাল, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সিটি মেয়র আহসান হাবীব কামালকে সভাপতি এবং সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার শিরিনকে সাধারণ সম্পাদক করে বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুমোদনে ভারপ্রাপ্ত মহাসচিব এ কমিটি গঠন করেছেন। নতুন এ কমিটির পক্ষে- বিপক্ষে মিছিল হয়েছে বরিশালে।
বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত ) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের কথা জানানো হয় বলে কামাল সাংবাদিকদের জানিয়েছেন।
এর আগে ২০০৯ সালের শুরুতে বরিশালা জেলা বিএনপির যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিলো, তার প্রধান ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার।
নতুন কমিটির বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে নতুন কমিটি প্রত্যাখ্যান করে বিকালে সরোয়ারের অনুসারী নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে।
একই সময়ে শহীদ মিনারের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়। ওই মিছিল থেকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩০ ঘ.
bdnews24