২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একক নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের বললেন এরশাদ

এবার মহাজোটে থাকলেও বিএনপির বর্জনের হুমকির প্রেক্ষাপটে আগামী নির্বাচন এককভাবে করার প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

গাজীপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার মহাজোটে থাকলেও বিএনপির বর্জনের হুমকির প্রেক্ষাপটে আগামী নির্বাচন এককভাবে করার প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। বৃহস্পতিবার গাজীপুরে দলের জেলা কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচন এককভাবে করবে। এজন্য দলকে সংগঠিত করতে হবে। প্রার্থী হিসেবে ভালো মানুষকে বাছাই করতে হবে।" আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে যুক্ত হয়ে গত নির্বাচনে সংসদে ২৯টি আসন পায় জাতীয় পার্টি। তাদের থেকে তিনটি আসন বেশি প্রধান বিরোধী দল বিএনপির। বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের উদ্যোগ নেওয়ায় বিএনপি বলেছে, দলীয় কোনো সরকারের অধীনে নির্বাচনে যাবে না তারা। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিরও সমালোচনা করেন। তিনি বলেন, "এটি জাতির জন্য, রাজনীতির জন্য একটা কলঙ্ক। বিগত তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রতি সুবিচার করেনি।" তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল রাখতে বিএনপির দাবিরও সমালোচনা করেন এরশাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১০ ঘ.