২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সেনাপ্রধানকে প্যারেডে আমন্ত্রণ রাজনৈতিক চাল: হান্নান

সেনাবাহিনীর 'পাসিং আউট' প্যারেডে ভারতের সেনাপ্রধানকে আমন্ত্রণ জানানোকে সরকারের 'রাজনৈতিক চাল' অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর 'পাসিং আউট' প্যারেডে ভারতের সেনাপ্রধানকে আমন্ত্রণ জানানোকে সরকারের 'রাজনৈতিক চাল' অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। সোমবার দুপুরে এক আলোচনা সভায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান বলেন, "ভারতীয় সেনা প্রধানকে দিয়ে পাসিং আউট প্যারেডে সালাম গ্রহণ করানো আসলে সরকারের একটি রাজনৈতিক চাল। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন তারা বোঝাতে চাচ্ছে যে, তাদের সঙ্গে অনেক বড় শক্তি রয়েছে। এ কারণেই ভারতীয় সেনা প্রধান জেনারেল বিজয় কুমার সিংকে পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি করা হয়েছে।" পাঁচ দিনের সরকারি সফরে রোববার ঢাকা পৌছান বিজয় কুমার। ২২ জুন বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে (বিএমএ) 'পাসিং আউট' অনুষ্ঠানে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করার কথা রয়েছে তার। বিজয় কুমার ১৯৭১ সালে একজন নবীন অফিসার হিসেবে মিত্রবাহিনীর হয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা কর্মকর্তাদের মধ্যে কেবল তিনিই এখন চাকরিরত আছেন। সোমবার দুপুরে রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে নাগরিক সচেতন পরিষদের উদ্যোগে 'বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষে ভারতীয় সেনা প্রধানের বিএমএ পাসিং আউট প্যারেডে সালাম গ্রহণ কিসের আলামত' শীর্ষক আলোচনা সভায় হান্নান শাহ বলেন, "আমরা এ উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানাই।" আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। তার বদলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শহীদুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। হান্নান শাহ বলেন, "আমরা মনে করি, জেনারেল বিজয় কুমার সিং সরকারের রাজনৈতিক চালের বিষয়ে অবগত নন। আমরা আশা করব, তিনি পাসিং আউট প্যারেডের বিষয়টি পুনর্বিবেচনা করবেন।" বাংলাদেশের জনগনকে ভয়ভীতি দেখাতেই ভারতীয় সেনা প্রধানকে দিয়ে পাসিং আউট প্যারেড পরিদর্শন করানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএমএর সাবেক কমাডেন্ট ও প্রধান ইন্সট্রাক্টর হান্নান শাহ সরকারের এ উদ্যোগের সমালোচনা করেন বলেন, একজন বিদেশি সেনা প্রধানকে দিয়ে পাসিং আউট প্যারেড পরিদর্শন বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি। এটা নজিরবিহীন ঘটনা। অবশ্য এর আগে ১৯৯৮ সালে বাংলাদেশের সাবেক সেনাবাহিনী প্রধান প্রয়াত জেনারেল মুহাম্মদ মুস্তাফিজুর রহমানকে দেরাদুনে ভারতীয় মিলিটারি অ্যাকাডেমির (আইএমএ) পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। হান্নান শাহ অভিযোগ করেন, বাংলাদেশের জনগণকে ভয়ভীতি দেখাতেই সরকার ভারতীয় সেনা প্রধানকে দিয়ে পাসিং আউট প্যারেড পরিদর্শন করাচ্ছে। তিনি বলেন, বিএমএ দেশের সার্বভৌমত্বের প্রতীক। সেনা বাহিনীর নবীন ক্যাডেট কর্মকর্তারা এই প্যারেডের মাধমে দেশের জন্য প্রতিজ্ঞা গ্রহণ করেন। দেশের রাষ্ট্রপতি এই প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তার অনুমতিক্রমে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সেনা, বিমান ও নৌ বাহিনী প্রধান এই প্যারেড পরিদর্শন করেন। এখানে বিদেশি কেউ সালাম নিতে পারেন না। এ ধরণে উদ্যোগে 'কিসের আলামত'- সে প্রশ্নও তুলেছেন হান্নান শাহ। বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী আলোচনা সভায় বলেন, "পাকিস্তান বা ভারতে অন্য দেশের সেনা প্রধান পাসিং আউট প্যারেডে রিভিউইং অফিসার হিসেবে বিদায়ী ক্যাডেটদের সালাম নিয়েছেন- আমরা চাকরি জীবনের ৩৫ বছরে এমনটা কখনোই দেখিনি। চীন ও ভারতেও এ রকম নজির নেই।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের অধ্যাপক এম শহীদুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ সীমান্তে মানুষ হত্যা ও ভূমি দখলের ঘটনা ঘটছে। আর সেখানে ভারতের সেনাবাহিনী প্রধান পাসিং আউট প্যারেড পরিদর্শন করতে এসেছেন। এটা সরকারের কেমন কূটনীতি ও কেমন বাস্তবতা আমার জানা নেই। বাংলাদেশের মানুষ সরকারের এ রকম সিদ্ধান্তে লজ্জিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক সচেতন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬১৯ ঘ.

এ সম্পর্কিত আরো খবর