২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল্লাহিল আযমীর রিটের নিস্পত্তি হবে তৃতীয় বেঞ্চে

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমীকে সেনাবাহিনী থেকে বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিটের নিষ্পত্তি হবে হাইকোর্টের তৃতীয় বেঞ্চে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমীকে সেনাবাহিনী থেকে বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিটের নিষ্পত্তি হবে হাইকোর্টের তৃতীয় বেঞ্চে। রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেনের একক বেঞ্চ রিটটি খারিজ করে দেওয়ার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ কথা জানান। তিনি সাংবাদিকদের বলেন, এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ এই রিটের বিষয়ে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছিল। আর এবার একক বেঞ্চ এটি খারিজ করে দিল। এ কারণে নিয়ম অনুযায়ী রিটটি তৃতীয় বেঞ্চে পাঠানোর জন্য প্রধান বিচারপতির কাছে যাবে। এরপর তৃতীয় বেঞ্চে বিষয়টির নিষ্পত্তি হবে। ২০০৯ সালের ২৩ জুন আব্দুল্লাহিল আমান আযমীকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের পদ থেকে বরখাস্ত করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছর ১ নভেম্বর রিট আবেদন করেন তিনি। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে আযমীর আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে গত ২৫ জানুয়ারি বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী 'ওই বরখাস্তের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না' মর্মে রুল জারি করেন। কিন্তু বিচারপতি জাহাঙ্গীর হোসেন তার সঙ্গে একমত হতে পারেননি। এরপর গত ২২ মে রিটটি শুনানির জন্য জাহাঙ্গীর হোসেনের কাছে পাঠান প্রধান বিচারপতি। শুনানি শেষে রোববার তিনি খারিজের আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল। আযমীর পক্ষে শুনানি করেন ব্যরিস্টার আব্দুর রাজ্জাক। মাহবুবে আলম বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের সুযোগ পাবেন না। তাই তারা হাইকোর্টে রিট করতে পারেন না। এমনকি সিভিল মামলাও দায়ের করতে পারেন না। তিনি বলেন, "আমার জানা মতে, পৃথিবীর সব দেশেই এ নিয়ম প্রচলিত আছে" ব্যরিস্টার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "শুনানিতে আমি বলেছি, এই ধরনের মামলা একক বেঞ্চে শুনানি হতে পারে না। তাই এটা শুনানি করার এখতিয়ার আপনার (জাহাঙ্গীর হোসেন) নেই। হাইকোর্টের ইতিহাসে এটা বিরল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৮৫২ ঘ.