ঝিকরগাছায় বিএনপি সমর্থিত দুই প্রার্থীর নির্বাচন বর্জন
ভোট কারচুপির অভিযোগ এনে যশোরের ঝিকরগাছা উপজেলার দু'টি ইউনিয়নে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা। তবে প্রশাসনের দাবি, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার ঝিকরগাছার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
দুপুরে ঝিকরগাছা উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিমুলিয়া ইউনিয়নের আশরাফুজ্জামান আশা এবং গঙ্গানন্দপুর ইউনিয়নের আয়ুব হোসেন পন্ডিত নির্বাচন বর্জনের কথা জানান।
এসময় সেখানে উপজেলা বিএনপি'র সভাপতি নাজমুল ইসলামসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নাজমুল ইসলাম বলেন, শুধু শিমুলিয়া কিংবা গঙ্গানন্দপুরই নয়, উপজেলার পানিসারা, নির্বাসখোলা, মাগুরা ও ঝিকরগাছা ইউনিয়নেও বিএনপি সমর্থকদের ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে তাদের প্রার্থীর পক্ষে ব্যালট পেপারে অবাধে সিল মেরেছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এসব ইউনিয়নে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হয়েছে। শিমুলিয়া ও গঙ্গানন্দপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থীরা কী কারণে ভোট বর্জন করেছে তা তার জানা নেই বলে জানান ওসি।
নির্বাচন চলাকালে লাউজানি রেলগেট এলাকা থেকে হাসান আলী নামের এক যুবককে আটক এবং মাগুরা ইউনিয়নে তুহিন নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে বলে জানান ওসি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসাইন বলেন, প্রতিটি ইউনিয়নে ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স সক্রিয় ছিল। ফলে নির্বাচনে কারচুপির কোনো প্রশ্নই উঠে না।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির বলেন, নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরেই বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন।
