২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে কারো কারো আয় বেড়ে যায়

খেটে খাওয়া মানুষের জন্য হরতাল 'বিষফোঁড়া' হলেও এদেরই কেউ কেউ এসব দিনে আয় করেন দ্বিগুণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 05:25 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খেটে খাওয়া মানুষের জন্য হরতাল 'বিষফোঁড়া' হলেও এদেরই কেউ কেউ এসব দিনে আয় করেন দ্বিগুণ। প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ৩৬ ঘণ্টার হরতালে রাজধানীর বিভিন্ন এলাকায় রিকশাচালক, ফেরিওয়ালা ও হকারদের সঙ্গে কথা বলে এমনই তথ্য জানা গেছে। সোমবার বিকেলে ধোলাই পাড়ে কথা হয় ষাটোর্ধ্ব রিকশচালক মো. রফিক মিয়ার সঙ্গে। কেমন আছেন- জানতে চাইতেই এক গাল হেসে বলেন, 'অনেক ভালো'। হরতালে রিক্সাচালকদের আয় দ্বিগুণ হয়- এ কথা জানিয়ে তিনি বলেন, ভাড়া বেশি, যানজট কম, আর রোডও নির্ধারিত থাকে না তাই খ্যাপ বেশি মারা যায়। "অন্যদিন পাঁচ-ছয়শ' টাকা আয় করতে অনেক কষ্ট করতে হয়। এখন প্রতিদিন সহজেই এক হাজার টাকা রোজগার করতে পাচ্ছি। কষ্ট কম, আয় বেশি।" শুধু রফিক মিয়া নয়, যাত্রাবাড়ির আশরাফ উদ্দিন, শনির আখড়ার মেরাজ করিম সবারই এক কথা। আশরাফ মিয়া একটু যোগ করে বলেন, "যাত্রাবাড়ি এলাকায় থাকি। রাত ১১টার পর ফেরার পথে পথে অনেকবার ছিনতাইকারীরা টাকা নিয়ে গেছে। কিন্তু রোববার রাত তিনটার দিকে বাসায় ফিরেছি। কোনো সমস্যাই হয় নাই। কারণ রাস্তায় অনেক পুলিশ ছিলো। পুরান ঢাকায় নবাবপুর রোডে বসে লিচু বিক্রি করছিলেন নয়ন। বয়স আনুমানিক ৩০। কেমন বিক্রি হচ্ছে জানতে চাইলে নয়ন জানান অন্যান্য দিনের চেয়ে ঝামেলাহীনভাবে বিক্রি করা যাচ্ছে। "হরতালে মানুষ দর কষাকষি কম করে। সকাল থেকে সারা দিন রাস্তায় বসে মাল বিক্রি করতে পারি। কোনো ঝামেলা নেই।" মোরগ বিক্রেতা বেলালও জানান একই কথা। তিনি বলেন, হরতালের কারণে মাছ তেমন একটা আসে না। তাই দর কষাকষি না করে আম্মারা মাল কিনেন। তবে এরা সবাই-ই হরতালের বিপক্ষে। নিজেদের আয় ভালো হলেও অন্য পেশার মানুষের কষ্ট হয়- এই কথাটি বলতে ভুলে যান না কেউ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/পিডি/২৩২৫ ঘ.