ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমকে 'বনদস্যু' বলায় দুই মিনিটের জন্য ওয়াক আউট করেছেন তিনি।
পরে স্পিকার আবদুল হামিদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য একপাঞ্জ করেছেন।
সোমবার জাতীয় সংসদে ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত ছিলেন।
৭টা ৪৯ মিনিটে আজিম ওয়াক আউট করেন। দুই মিনিট পরে আবার অধিবেশন কক্ষে ফিরে আসেন।
সরকারের কোনো মন্ত্রীর বক্তব্য এক্সপাঞ্জের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্য একপাঞ্জ করা হয়েছিল।
আজিম তার নির্বাচনী এলাকা হাতিয়ায় বনদস্যুদের উৎপাত এবং নোয়াখালীর এসপির বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় সমালোচনা করেন।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, "এই সংসদ সদস্যের চরিত্র সম্পর্কে কী বলবো, গত জোট সরকারের আমলে তিনি চারশ' বনদস্যু হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তিনি নিজেই একজন বনদস্যু। এখন সংসদে এসে হরতালে বিরোধী দলের নেতাদের গ্রেপ্তারের সমালোচনা করছেন।"
তার বক্তব্যে ক্ষুব্ধ ফজলুল আজিম এর প্রতিবাদ জানাতে ফ্লোর চাইলেও স্পিকার তাকে ফ্লোর না দিয়ে নিজেই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এক্সপাঞ্জ করেন।
স্পিকার বলেন, "মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি মাননীয় সংসদ সদস্য বনদস্যু হত্যা করেছেন, আবার বলেছেন তিনি নিজেই বনদস্যু। একজন তো দুইটা হতে পারে না।"
স্পিকারের বক্তব্যের আগেই ৭টা ৪৯ মিনিটে সংসদ থেকে ওয়াক আউট করেন ফজলুল আজিম। পরে ফিরে এসে অন্য ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি বলেন, "আমার শিক্ষা ও পারিবারিক ব্যাকগ্রাউন্ড কী তা দেখেন। আমি যদি বনদস্যু হই তাহলে এই তিনশ' সংসদ সদস্য কী? স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যে সব সংসদ সদস্যকেই অপমান করা হয়েছে।"
এ সময় স্পিকার বলেন, "মন্ত্রীর বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে।"
সুপার পাওয়ারফুল এসপি
আরেকটি ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নোয়াখালীর এসপিকে [হারুনুর রশীদ হাজারী] সরিয়ে দেওয়ার দাবি জানান স্বতন্ত্র সাংসদ আজিম।
তিনি বলেন, "ওই এসপি দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি সুপার পাওয়ারফুল এসপি। তাকে সরিয়ে দিন। তাহলে নোয়াখালীর মানুষ দোয়া করবেন, খুশি হবেন।"
স্বতন্ত্র সাংসদকে উদ্দেশ্য করে এসময় স্পিকার আবদুল হামিদ বলেন, "এখন বিদ্যুৎ নিয়ে কথা বলবেন আপনি, কিন্তু বারবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যান কেন। এটা কি আপনার পুলিশ-প্রীতি না পুলিশ ভীতি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৪৫ ঘ.
bdnews24