২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দাবি সাংসদ ফজলুলের

আরো দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরো দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। সোমবার জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। বিকাল ৫টা ২২ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে দিনের কার্যসূচি শুরু হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাকে ভূমিকা রাখার আহ্বান জানান স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। বিরোধী দলকেও সংসদীয় দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। ফজলুল আজিম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিষ্পত্তি হয়েছে অনেক আগে। মীমাংসিত বিষয় নিয়ে এতো বিতর্ক কেন? ১৯৯৫ সালে আওয়ামী লীগের আন্দোলনেরই ফসল এ তত্ত্বাবধায়ক সরকার। আদালত বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্জন করা উচিত। একই সঙ্গে দুই মেয়াদে রাখা যেতে পারেও বলেছে। "তাহলে অন্তত আর দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করি না কেন? সর্বোচ্চ আদালত যদি জাতীয় ও রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেয় তাহলে এ সংসদের প্রয়োজন কী?" সংঘাতের রাজনীতি পরিহার করে সরকার ও বিরোধী দলকে এগিয়ে এসে সমস্যা সমাধানের দাবি জানান তিনি। ফজলুল আজিম বলেন, "রাজনীতি অঙ্গন উত্তপ্ত। দেশ অনিশ্চয়তার দিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী এখন সময় এসেছে। আপনি এগিয়ে এসে রাষ্ট্রনায়কোচিত ভূমিকা পালন করুন। বিএনপিও সংসদীয় দায়িত্ব পালন করুন।" হরতালে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম কাম্য নয় বলে মন্তব্য করেন এই সাংসদ। সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় আরো অংশ নেন মহাজোট সাংসদ রাশেদ খান মেনন, ইদ্রিস আলী, সৈয়দ মহসীন আলী ও হাফিজউদ্দিন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৫৫ ঘ.