২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের প্রথম দিন ভোলায় ৫টি গাড়ি ভাংচুর

বিএনপি ও জামায়াতের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন ভোলা শহরে হরতাল সমর্থকরা ৫টি গাড়ি ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ভোলা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও জামায়াতের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন ভোলা শহরে হরতাল সমর্থকরা ৫টি গাড়ি ভাংচুর করেছে। রোববার জেলা বিএনপি হরতালের সমর্থনে শহরে মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে। এতে ৭জন আহত হয়। জেলার বিভিন্ন স্থানে পুলিশ মোট ১১ জনকে আটক করে। ভোলার তজুমদ্দিন উপজেলা সদরে বিএনপির মিছিলে যুবলীগ কর্মীদের হামলায় ৫ বিএনপি কর্মী আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি কর্মীরা রোববার ভোর ৬টার দিকে ভোলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দেয়। অনেক স্থানে পুলিশ জলন্ত টায়ার সরিয়ে রাস্তা পরিস্কার করে। হরতাল সমর্থকরা ভোলা-বরিশাল-লক্ষীপুর মহাসড়কে পরানগঞ্জ এলাকায় রাস্তায় গাছ ফেলে এবং টায়ারে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করে। ফলে ওই মহাসড়কে যানবাহন আটকা পরে। সকাল ৯টার দিকে বরিশাল থেকে ফেরিতে আসা পণ্যবাহী ৫টি ট্রাক কোষ্টগার্ড সদস্যরা পাহারা দিয়ে ভোলা নতুন বাজারে পৌঁছে দেয়। ভোলা শহরের বাংলা স্কুল মোড়ে সকাল ১০টার দিকে হরতাল সমর্থকরা মেঘনা পরিবহনের একটি বাসে হামলা চালায়। এ সময় যাত্রীবাহী ২টি মাইক্রোবাসও ভাংচুর করা হয়। এর কিছুক্ষণ পর ইলিশা বাসস্ট্যান্ডের কাছে ২টি ট্রাক ভাংচুর করা হয়। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ সংবিধানের বিভিন্ন ধারা সংশোধনের উদ্যোগের প্রতিবাদে বিএনপি ও জামায়াতে ইসলামী রোববার সকাল থেকে ৩৬ ঘণ্টার এ হরতালের ডাক দেয়। হরতালে ভোলা শহরে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। কালিনাথ রায়ের বাজার ও কালিখোলা এলাকায় হরতাল সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল করে। ভোলার সকল রুটে আঞ্চলিক ও দুরপাল্লার বাস বন্ধ রয়েছে। অন্যান্য সময়ে হরতালে কিছু রিক্সা চলাচল করলেও রোববার কোন রিক্সা চলতে দেখা যায়নি। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ভোলার বিভিন্ন উপজেলায় পরিস্থিতি ছিলো শান্ত। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ এবং আলতাফ হোসেন চৌধূরীকে ঢাকায় গ্রেপ্তারের প্রতিবাদে সকাল ১১টার দিকে ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বে মিছিল বের হয়। কিন্তু পুলিশের বাধার মুখে তা ছত্রভঙ্গ হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫৮ ঘ.