কুড়িগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সদরে পুলিশ-জনতা সংঘর্ষে কমপক্ষে ৪০জন আহত হয়েছে।
উত্তেজিত জনতা থানা ঘেরাও করলে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সংশ্লিষ্ট ঘটনায় রোববার দুপুরে নাগেশ্বরী থানা পুলিশ উপজেলা চেয়ারম্যানকে প্রহার করায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আসলাম সওদাগর, পৌরসভার মেয়র আব্দুর রহমানও রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রামখানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী মাহফুজার রহমান মণ্ডলের সমর্থকরা নির্বাচন বাতিলের দাবিতে রোববার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে। তাদেরকে ছত্রভঙ্গ করতে নাগেশ্বরী থানা পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে কয়েকজন আহত হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান আসলাম সওদাগর এগিয়ে এসে পুলিশকে নিবৃত করার চেষ্টা করলে পুলিশ তাকে বেধড়ক প্রহার করে।
পুলিশ উপজেলা চেয়ারম্যানকে প্রহার করায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। নাগেশ্বরীর শত শত মানুষ মাইকিং করে একত্রিত হয়। তারা বিকাল ৩ টার দিকে নাগেশ্বরী থানা ঘেরাও করে।
পুলিশ বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ বেধে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
উভয় ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়। তারা নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণকারীদের মধ্যে রয়েছেন, নাগেশ্বরী থানার কর্মকর্তা (তদন্ত) মোয়াজ্জেম হোসেন, এসআই আব্দুল আজিজ, এএসআই রফিকুল ইসলাম, এএসআই মুসা মিয়া, মাসুদুর রহমান, সহিদুল ইসলাম, আব্দুর রহিম, আশরাফুল আলম, পাঠান মিয়া, নুর ইসলাম, আজিজার রহমান, আব্দুল আজিম, ফজলুল হক, হযরত আলী, রফিকুল ইসলাম ও পিয়ার আলী।
এ ঘটনাকে কেন্দ্র করে নাগেশ্বরী উপজেলায় টান-টান উত্তেজনা বিরাজ করছে।
গুরুত্বপূর্ন স্থান গুলোতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা নাগেশ্বরী উপজেলা সদরে গেছেন।
সন্ধ্যা পৌণে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নাগেশ্বরী উপজেলা পরিষদ কার্যালয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা সমঝোতা বৈঠক করছিলেন।
পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আর পুলিশের লাঠিপেটার বিষয়টি তদন্ত করে দেখা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮১৭ ঘ.
bdnews24