ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠক শেষে চার দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, মহানগর আমীর রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক প্রমুখ নেতারা বৈঠকে উপস্থিত রয়েছেন।
এর আগে খালেদার সভাপতিত্বে বুধবার রাত পৌনে ৮টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত স্থায়ী কমিটির বৈঠক হয় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে।
খালেদার ডাকা স্থায়ী কমিটির জরুরি বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
বৈঠকের পর স্থায়ী কমিটির সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চাননি।
সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠক হয় গত ৩০ মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৪২ ঘ.
bdnews24