ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখতে হলে বিরোধী দলকে সংসদে 'নতুন ফর্মুলা' দিতে হবে বলে এইচএম এরশাদের সঙ্গে বৈঠকে মন্তব্য করেছেন শেখ হাসিনা।
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে মঙ্গলবার রাতে এক বৈঠকে হাসিনা এ মন্তব্য করেছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে ওই বৈঠক হয়। এ সময় এরশাদের সঙ্গে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু উপস্থিত ছিলেন।
পরে বাবলু বৈঠকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
নির্ভরযোগ্য ওই সূত্র আরো জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জাতীয় পার্টি আওয়ামী লীগের পাশে থাকবে বলে এরশাদ শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন।
এ সময় শেখ হাসিনা বলেন, সর্বোচ্চ আদালতের রায় যতটুকু তিনি দেখেছেন, তাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার আর উপায় নেই। কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বিচারপতিদের সম্পৃক্ত না করার জন্য রায়ে বলা হয়েছে। এই ব্যবস্থা রাখতে হলে নতুন ফর্মুলায় রাখতে হবে। সেক্ষেত্রে বিরোধী দলকে সংসদে এসে প্রস্তাব দিতে হবে।
প্রয়োজন মনে করলে জাতীয় পার্টিকেও সংসদে প্রস্তাব দেওয়ার পরামর্শ দিয়েছেন হাসিনা।
জবাবে এরশাদ বলেন, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চান না। তবে মহাজোট যদি নতুন ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার রাখতে চায়, তাহলে জাতীয় পার্টির সমর্থন থাকবে।
ঘণ্টাব্যাপী এই বৈঠক রাত ৮টায় শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/পিডি/২২০২ ঘ.
bdnews24