সাতক্ষীরা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দিপু মনির ছবি বিকৃত করার অপরাধে সাতক্ষীরায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে কলারোয়া উপজেলার দেয়াড়া বাজার থেকে আমিনুর রহমান (২৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি দেয়াড়া গ্রামে।
দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মোকছেদ আলী সাংবাদিকদের জানান, দেয়াড়া বাজারে স্থানীয় যুবদল নেতা আমিনুর রহমানের বাবলা কসমেটিকস এ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।
আমিনুর রহমান ওই প্রতিষ্ঠানে বসে বেশ কিছুদিন যাবত বাজার থেকে সংগ্রহ করা বিভিন্ন পর্ণো ছবির সিডি থেকে নোংরা ছবির মাথা কেটে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দিপু মনির মাথা জোড়া লাগিয়ে তা এলাকায় বিভিন্ন মোবাইল ফোনে ছড়িয়ে দিচ্ছিল।
এছাড়া সে বিবস্ত্র শিশুদের ছবি স্ক্যানিং করে একই কায়দায় ছবি পর্ণো করে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, দেয়াড়া বাজারের একটি দোকানে কম্পিউটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরাষ্ট্রমন্ত্রী দিপু মনির ছবি বিকৃত করে মোবাইলে ডাউনলোড করা হচ্ছে-এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে আমিনুর রহমানকে কম্পিউটারসহ গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরো জানান, বিকালে পুলিশ সুপার হাবিবুর রহমান খাঁন ও এএসপি (সদর সার্কেল) ওহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৩৪ ঘ.
bdnews24