২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রা পাচার: তারেককে গ্রেপ্তারের জন্য পরোয়ানার আবেদন

মুদ্রা পাচারের মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 10:32 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশারফ হোসেন কাজল ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে এ আবেদন জানান। বিচারক মোজাম্মেল হোসেন আগামী ৩ জুলাই এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। এ মামলার অভিযোগ গঠনের শুনানিও ওইদিনই হবে। মঙ্গলবার এ মামলার অভিযোগ গঠনের নির্ধারিত দিনে তারেকের পক্ষে আরো সময় চাওয়া হলে বিচারক ওই দিন ধার্য করেন। তারেকের বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদনে মোশারফ হোসেন বলেন, "এ মামলায় তিনি (তারেক) জামিনে নেই। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও নেই। তারেক দেশের বাইরে রয়েছেন। অথচ অভিযোগ গঠনের জন্য হয় তাকে পলাতক দেখিয়ে তার অনুপস্থিতিতে মামলার অভিযোগ গঠন করতে হবে, না হয় তাকে আদালতে গ্রেপ্তার করে নিয়ে আসার জন্য আদেশ দিতে হবে।" তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলা দায়ের হয়েছে ২০০৯ সালের ২৬ অক্টোবর। অথচ ২০০৮ সালের শেষ দিকে তৎকালীন সরকারের অনুমতিতে তারেক দেশের বাইরে গেছেন। এ কথা মামলাটির অভিযোগপত্রেও লেখা রয়েছে। "কিন্তু মামলার এ পর্যায়ে তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ ছাড়া মামলার বিচার এগিয়ে নেওয়া যাবে না", বলেন দুদকের কৌঁসুলি। তিনি বলেন, তারেকের আইনজীবীদের উচিত ছিলো তার পক্ষে জামিন চাওয়া। কিন্তু তারা তা চাননি। তারেকের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনও এ মামলার আসামি। তিনি কারাগারে রয়েছেন। এজাহারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রায় এক বছর শুনানির পর গত ৫ মে মামলাটি গ্রহণ করে আদালত। এরপর ১৯ মে অভিযোগ গঠনের দিন ঠিক করে বিচারিক আদালত। একই সঙ্গে মামলাটি ২০০২ সালের মুদ্রা পাচার আইনে চলার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। সময়ের আবেদনে তারেক ও মামুনের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, এ মামলাটি আমলে নেওয়ার বিষয়ে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে তারেকের পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়েছে। যে আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে। তাই অভিযোগ গঠনের শুনানি মুলতবি হওয়া প্রয়োজন। ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় তারেক ও মামুনের বিরুদ্ধে দুদক মামলাটি করে। গত বছরের ৬ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহীম। এতে বলা হয়, তারেক ও মামুন ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ২০ দশমিক ৪১ কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন। দেশে জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। তখন থেকেই তিনি লন্ডনে অবস্থান করছেন। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে অন্তত ১৪টি মামলা বিচারাধীন। মঙ্গলবার মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৬২৮ ঘ.