ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মুদ্রা পাচারের মামলার অভিযোগ গঠন দ্বিতীয়বারের মতো পিছিয়েছে। আগামী ৩ জুলাই নতুন তারিখ রেখেছে আদালত।
তারেকের আইনজীবীর সময় আবেদনে মঙ্গলবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ মোজাম্মেল হোসেন এ তারিখ দেন।
তারেকের ঘনিষ্ট বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনও এ মামলার আসামি।
মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রায় এক বছর শুনানির পর গত ৫ মে মামলাটি গ্রহণ করে আদালত। এরপর ১৯ মে অভিযোগ গঠনের দিন ঠিক করে বিচারিক আদালত। একই সঙ্গে মামলাটি ২০০২ সালের মুদ্রা পাচার আইনে চলার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
সময় আবেদনে তারেক ও মামুনের আইনজীবী ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন ও তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, এ মামলাটি আমলে নেয়ার বিষয়ে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে তারেকের পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়েছে। যে আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে। তাই অভিযোগ গঠনের শুনানি মুলতবি হওয়া প্রয়োজন।
২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় তারেক ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলাটি দায়ের করে।
গত বছরের ৬ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহীম।
এতে বলা হয়, তারেক ও মামুন ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ২০ দশমিক ৪১ কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন।
দেশে জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। তখন থেকেই তিনি লন্ডনে অবস্থান করছেন।
তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে অন্তত ১৪টি মামলা বিচারাধীন। তার বন্ধু মামুন বর্তমানে কারাগারে রয়েছেন। মঙ্গলবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৩৪০ ঘ.
bdnews24